পশ্চিমবঙ্গে বাম দলের সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বামফ্রন্টের মিছিল। ফাইল ছবি।
বামফ্রন্টের মিছিল। ফাইল ছবি।

ভারতের আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উসকানি ঠেকানোর পরিকল্পনা করছে বাম দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিজেপি রাজ্যব্যাপী তিনটি সুসজ্জিত প্রচার–রথ বের করবে। এ রথ মোকাবিলায় আগামী ৬ ডিসেম্বর সারা পশ্চিমবঙ্গে বাম দল রাস্তায় নামবে। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনকে সামনে এনে তারা ওই দিন রাজ্যব্যাপী পালন করবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস’।

জানা গেছে, বিজেপির প্রথম রথ আগামী ৩ ডিসেম্বর বের হবে বীরভূম জেলার তারাপীঠ থেকে। দ্বিতীয় রথ বের হবে ৫ ডিসেম্বর কোচবিহার থেকে আর তৃতীয় রথ বের হবে ৭ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে। তিনটি রথ কলকাতায় এসে পৌঁছাবে আগামী ২২ জানুয়ারি। এরপরেই ২৩ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বিজেপির। সমাবেশে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

গতকাল মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে রথের মোকাবিলায় সম্প্রীতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। সিদ্ধান্ত হয়েছে, ৬ ডিসেম্বর কলকাতায় মিছিল করবে বামফ্রন্ট। এ লক্ষ্যে বামফ্রন্ট ২১ নভেম্বর থেকে টানা ১৫ দিন প্রচার অভিযান চালাবে রাজ্যজুড়ে।

বাম নেতারা বলেন, মন্দির-মসজিদ ইস্যুকে নতুন করে জাগিয়ে তুলে ভোটের বৈতরণি পার হওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপিকে সেই সুযোগ না দিতে বামফ্রন্টও পাল্টা উদ্যোগ নিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস পালনের। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতার ব্রিগেড ময়দানে মহাসমাবেশ করবে তারা। সেই সমাবেশ থেকে বিজেপি কে বামফ্রন্ট বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গে তারা এখন তৃতীয় নয়; দ্বিতীয় দলই।

বামফ্রন্টের এক নেতা বলেছেন, ‘কেন্দ্রে মোদি এবং রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে মানুষের ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় তৃণমূল ও বিজেপি এ রাজ্যে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাই আমরা এর বিরুদ্ধেই পথে নামছি।’