পশ্চিমবঙ্গে বিজেপির ‘পতনযাত্রা’ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় অব্যাহত থাকবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। দলটির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গতকাল সংবাদিকদের বলেন, এখন আর বিজেপির ওপর আস্থা রাখতে পারছে না রাজ্যের মানুষ। প্রতিটি নির্বাচনে হেরে যাচ্ছে বিজেপি। অব্যাহত রয়েছে তাদের পতনযাত্রা।

পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে পরামর্শ দিয়ে বলেন, ‘বিজেপির এখন উচিত বাংলা থেকে ব্যাগ গোছানো। মানুষ আর বিজেপিকে চাইছে না এই বাংলায়। প্রত্যাঘাত করেছে বিজেপিকে। সামনে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা আসন ও আসানসোল লোকসভার আসনের উপনির্বাচন। সেই নির্বাচনে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে। তাই বিজেপির উচিত হবে এই রাজ্যপাট থেকে তাদের ব্যাগ গুছিয়ে নেওয়া।’

গত বছর পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় যাওয়ার জন্য জোরকদমে রাজনৈতিক ময়দানে নেমেছিল বিজেপি। ঘোষণা দিয়েছিল রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০০ আসন জেতার। রাজ্য সরকারও গড়ার স্বপ্ন দেখেছিল বিজেপি। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত মাঠে নেমেছিলেন। কিন্তু বিজেপি জেতে মাত্র ৭৭টি আসনে। তৃণমূল ২১৩টি আসনে জয় পায়। এর আগে অবশ্য ২০১৯ সালে বিজেপি এই রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি আসনে জিতে ঝড় তুলেছিল রাজ্যজুড়ে। সেই প্রেরণা থেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচন পার হতে চেয়েছিল তারা। এর মধ্যে আবার জয়ী ৭৭টি আসনের মধ্যে ৭টি আসনের বিজেপির বিধায়কেরা দল ছেড়ে ভিড়েছেন তৃণমূলে।

বিধানসভা নির্বাচনের পর ৭টি বিধানসভার উপনির্বাচন থেকে কলকাতা করপোরেশনসহ রাজ্যের ৫টি করপোরেশন এবং ১০৮টি পৌরসভার নির্বাচনেও বিজেপিকে শোচনীয় পরাস্ত করে তৃণমূল। বিধানসভার উপনির্বাচনেও জয়ী হয় তৃণমূল। ১০৮টির মধ্যে ১০২টি পৌরসভার নির্বাচনেও ক্ষমতায় আসে তৃণমূল।

এদিকে বিজেপির এই পতনযাত্রার পাশাপাশি আম আদমি পার্টির (আপ) আগমনযাত্রা শুরু হয়েছে রাজ্যজুড়ে। পাঞ্জাব বিধানসভায় আপের বিপুল জয়ের পর মানুষের কাছে আপ নিয়ে নতুন করে আস্থা ফিরে আসতে শুরু করেছে। কলকাতাসহ পশ্চিমবঙ্গে নতুন করে সংগঠিত হচ্ছে আপ। রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৫টি জেলায় আপ ইতিমধ্যে নতুন কমিটি গঠন করেছে।