পশ্চিমবঙ্গে বিজেপির বড় ধাক্কায় বামপন্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • পশ্চিমবঙ্গে একটি লোকসভা ও একটি রাজ্য বিধানসভার নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল
  • বিজেপি উঠে এসেছে দ্বিতীয় স্থানে
  • তৃতীয় স্থানে নেমে গেছে সিপিএম
  • তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান কংগ্রেসে নেত্রী সোনিয়া গান্ধী

একটানা ৩৪ বছর ক্ষমতায় থেকে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে বিপুলভাবে পরাজিত হয় সিপিএম বা বাম দল। কিন্তু গত সাত বছরে নিজেদের এতটুকু পায়ের জমি পুনরুদ্ধার করতে পারেনি দলটি। বরং বলা যায়, ২০১১ সালের পর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা বা লোকসভা নির্বাচন যা-ই হয়েছে, তার সবটাতেই ফুটে উঠেছে বামপন্থীদের পরাজয়ের ছবি।

একই সঙ্গে আরেকটি ছবিও ভেসে উঠেছে, পশ্চিমবঙ্গে বামপন্থীদের পরাজয়ের সঙ্গে সঙ্গে উত্থান ঘটছে বিজেপির। এ ছবিই এবার আরও স্পষ্ট হলো পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচনে।

এর একটি লোকসভা আর অন্যটি রাজ্য বিধানসভার নির্বাচনে। দুটি নির্বাচনেই জয়ী হয়েছে তৃণমূল। বেড়েছে আগের নির্বাচনের চেয়ে ভোটের হার। আর ভোট কমেছে বাম দল বা সিপিএমের। ব্যতিক্রম ঘটনা হলো, এই নির্বাচনে সিপিএম প্রার্থীরা চলে গেছেন তৃতীয় স্থানে। আর বিজেপি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর কংগ্রেস চলে গেছে চতুর্থ স্থানে।

যদিও নির্বাচনের ফলাফল গতকাল বৃহস্পতিবার ঘোষণার পর সিপিএমের পরিষদীয় দলের নেতা বিধায়ক সুজন চক্রবর্তী বলেই দিয়েছেন, এবার ভোট হয়নি। ভোট লুট হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা তথা কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বলেছেন, এ রাজ্যে ভোটের পরিবেশ নেই। ভোট হয় না। ভোট জোর করে নেওয়া হয়। আর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা মানুষের জয়। এ রাজ্যের মানুষ তৃণমূলকে ভালোবাসে, তাই জিতিয়েছেন তৃণমূলকে।

এবার একটি লোকসভা এবং একটি বিধানসভার আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুটি আসনেরই প্রার্থীর মৃত্যুতে শূন্য হয় আসন দুটি। গতকাল বৃহস্পতিবার সেই দুটি আসনের ফলাফল ঘোষণা হয়। লোকসভার আসনটি হলো হাওড়ার উলবেড়িয়া আর বিধানসভার আসনটি হলো উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। নোয়াপাড়া বিধানসভার আসনটি ছিল কংগ্রেসের হাতে। আর উলবেড়িয়ার লোকসভার আসনটি ছিল তৃণমূলের হাতে। উলবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের আকস্মিক মৃত্যুতে আসনটি শূন্য হয়। আর নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উলুবেড়িয়া আসনে এবার লড়েন প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিণী সাজেদা আহমেদ। একসময় এই উলবেড়িয়া ছিল বাম দলের ঘাঁটি। ২০০৯ সালে প্রথম এই আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরে ২০১৪ সালের নির্বাচনেও জয়ী হয় তৃণমূলের সুলতান আহমেদ। এবার সেই আসনের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী জিতলেও দ্বিতীয় স্থানে চলে এসেছে বিজেপি। এই আসনে যেমন কমেছে বামদল এবং কংগ্রেসের ভোট, তেমনি বেড়েছে তৃণমূল ও বিজেপির ভোট।

তৃণমূলের প্রার্থী সাজেদা আহমেদ এবার ভোট পেয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ২১৪। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন ২ লাখ ৯৩ হাজার ১৮ ভোট। অন্যদিকে তৃতীয় স্থান অধিকারী সিপিএমের প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯২ ভোট। আর চতুর্থ স্থান অধিকারী কংগ্রেসের মোদাসসর ওয়ারসি পেয়েছেন মাত্র ২৩ হাজার ১০৮ ভোট।

উল্লেখ্য, গত ২০১৪ সালের নির্বাচনে তৃণমূলের সুলতান আহমেদ পেয়েছিলেন ৫ লাখ ৭০ হাজার ৭৮৫ ভোট। দ্বিতীয় স্থান অধিকারী সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা পেয়েছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৩ ভোট। তৃতীয় স্থান অধিকারী বিজেপি প্রার্থী রজ্ঞিত কিশোর মোহান্তি পেয়েছিলেন ১ লাখ ৩৭ হাজার ১৩৭ ভোট। আর কংগ্রেসের প্রার্থী অসিত মিত্র পেয়েছিলেন ৬৭ হাজার ৮২৬ ভোট।

এবার দেখা গেল, সিপিএম ও কংগ্রেস প্রার্থীর ভোট কমেছে। বেড়েছে তৃণমূল ও বিজেপি প্রার্থীর ভোট। তৃণমূল প্রার্থী সাজেদা আহমেদ জিতেছেন ২ লাখ ৭৩ হাজার ৩২০ ভোটের ব্যবধানে। আর ২০১৪ সালে এই আসনে সাজেদা আহমেদের প্রয়াত স্বামী জিতেছিলেন ২ লাখ ১ হাজার ২২২ ভোটের ব্যবধানে। সেবার নিকটতম প্রার্থী ছিল সিপিএমের সেই সাবিরুদ্দিন মোল্লা। এবার সেখানে চলে এসেছেন বিজেপির প্রার্থী অনুপম মল্লিক। সাবিরুদ্দিন হয়েছেন তৃতীয়।

এবার দেখা যাক, উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভার আসনটি। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী মধুসূদন ঘোষ। পেয়েছিলেন ৭৯ হাজার ৫৪৮ ভোট। নিকটতম প্রার্থী ছিলেন তৃণমূলের মঞ্জু বসু। তিনি পেয়েছিলেন ৭৮ হাজার ৪৫৩ ভোট। জিতেছিলেন মাত্র ১ হাজার ৯৫ ভোটের ব্যবধানে। এখানে সিপিএমের প্রার্থী ছিলেন না। কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হওয়ায় এই আসনটি ছেড়ে দেওয়া হয় কংগ্রেসকে। এই আসনে বিজেপির প্রার্থী অমিয় সরকার পেয়েছিলেন ২৩ হাজার ৫৭৯ ভোট। এবার এই আসনের উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রার্থী সুনীল সিং। পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭২৯ ভোট। জয়ী হন ৬৩ হাজার ১৮ ভোটের ব্যবধানে। নিকটতম প্রার্থী হলেন বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৭১১ ভোট। আর তৃতীয় হয়েছেন সিপিএমের প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। পেয়েছেন ৩৫ হাজার ৪৯৫ ভোট। আর চতুর্থ হয়েছেন কংগ্রেসের প্রার্থী গৌতম বসু। পেয়েছেন ১০ হাজার ৫২৭ ভোট।

পশ্চিমবঙ্গে এই নির্বাচনে তৃণমূলের বিপুল জয় এবং রাজস্থানের দুটি লোকসভা এবং একটি বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেসের বিপুল জয়ের পর সোনিয়া গান্ধী টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি মমতাও বলেছেন, এবার বিজেপিকে দেশ থেকে হটানোর জন্য একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে। তবেই ২০১৯ সালে বিদায় নেবে বিজেপি সরকার দেশ থেকে। কিন্তু পারবেন কি সোনিয়া এবং মমতা? যদিও এখন কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্ক গাঢ় নেই। তবে রাজনীতিতে শেষ কথা বলতে নেই। বিজেপিকে হটানোর জন্য ২০১৯ সালে কংগ্রেস কিংবা তৃণমূল উভয়ের মধ্যে যদি নির্বাচনী জোট গঠন হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।