পশ্চিমবঙ্গে বিসর্জন নিয়ে নিষেধাজ্ঞা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গা প্রতিমার বিসর্জন। প্রথম আলোর ফাইল ছবি
দুর্গা প্রতিমার বিসর্জন। প্রথম আলোর ফাইল ছবি

পশ্চিমবঙ্গে মহররমের দিন দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া যাবে না বলে পশ্চিমবঙ্গ সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, আজ বৃহস্পতিবার তা খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট।

৩০ সেপ্টেম্বর দশমীতে রাত ১০টার পর দুর্গা প্রতিমা বিসর্জন করা যাবে না বলে রাজ্য সরকার জানিয়েছিল। পরদিন ১ অক্টোবর মহররম থাকায় সেদিনও বিসর্জন বন্ধ রাখতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সরকারের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তিনটি আবেদন জমা পড়ে। শুনানি শেষে আদালত আজ সরকারের ওই নিষেধাজ্ঞা খারিজ করে দেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, স্বাভাবিক নিয়মে যে কয়দিন বিসর্জন চলে, সেই কয়দিন ধরে রোজ বিসর্জন চলবে। একই সঙ্গে মহররমও পালিত হবে।

বিসর্জন নিয়ে সরকারি নির্দেশনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তিনটি আবেদন জমা পড়ে। গত দুই দিন ধরে শুনানির পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি মন্তব্য করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমনটা ধরে নিয়ে সরকার কখনো নাগরিকের মৌলিক অধিকারে বা ধর্মাচরণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। সব ধর্মের মানুষকে সমান চোখে দেখতে হবে রাজ্য সরকারকে।

গত বুধবারও শুনানির সময় হাইকোর্ট রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। ওই দিন কোর্ট সাফ জানিয়ে দেন, রাজ্য তার ক্ষমতা ব্যবহার করতে পারে, কিন্তু কোর্ট ক্ষমতার যথেচ্ছ প্রয়োগের অনুমতি দিতে পারে না। সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে, তা হলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে পারে।