পশ্চিমবঙ্গে বুনো হাতির তাণ্ডবে নিহত ৪
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কয়েকটি গ্রামে গতকাল রোববার একটি বুনো হাতি তাণ্ডব চালিয়েছে। এতে চার গ্রামবাসী নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, বাঁকুরার জঙ্গল থেকে আসা একটি বাচ্চাসহ বুনো হাতি গতকাল সকালে বর্ধমানের লোকালয়ে ঢুকে পড়ে। এরপর শুরু হয় তাণ্ডব। তাণ্ডব চলে বাড়ি ও ফসলের খেতে। গ্রামের লোকজন এক হয়ে বুনো হাতিটিকে বাগে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় হাতির আছাড় খেয়ে ও পায়ে পিষ্ট হয়ে চার গ্রামবাসী নিহত হয়। আহত হয় দুজন।
নিহত ব্যক্তিরা হলেন আনন্দময়ী রায় (৬১), নারায়ণ চন্দ্র মাঝি (৬২), প্রকাশ বাওয়া (৪২) ও শেখ সিরাজ (২৮)।
আহত দুজন রবি কুন্ডু ও আপেল মুমুর।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পরে বন দপ্তরের কর্মীরা এসে হাতিটিকে বেহুঁশ করে সোনামুখীর জঙ্গলে পাঠানোর উদ্যোগ নেয়।
জেলা বন কর্মকর্তা অজয় কুমার দাস বলেন, বুনো হাতিটিকে বেহুঁশ করে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাচ্চা হাতিটি পালিয়েছে। এর খোঁজ চলছে।