পশ্চিমবঙ্গে ভাড়া নেওয়া অফিস ছেড়ে দিচ্ছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) ২০১৮ সালের সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। কিন্তু সেই বিজেপি এখন পশ্চিমবঙ্গে গরিব হয়ে যাচ্ছে। কলকাতার হেস্টিংসে যে বাড়ির চারটি ফ্লোর ভাড়া নেওয়া হয়েছিল, তার তিনটি ফ্লোর ছেড়ে দেওয়া হচ্ছে।

এডিআরের সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে ভারতের নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সাতটি সর্বভারতীয় রাজনৈতিক দলের মধ্যে সব থেকে ধনী দল বিজেপি। নির্বাচন কমিশনে পেশ করা ওই সাতটি দলের সম্পদ পর্যালোচনা করে এ প্রতিবেদন করা হয়েছিল। ওই সাতটি সর্বভারতীয় দল হলো বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিআই, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এনসিপি ও বিএসপি।

এডিআরের প্রতিবেদনে বলা হয় , ওই ৭টি দলের ২০১৬-১৭ অর্থবছরে মোট আয় ছিল ১ হাজার ৫৫৯ কোটি ১৭ লাখ রুপি। এর মধ্যে বিজেপির আয় ১ হাজার ৩৪ কোটি ২৭ লাখ রুপি। বিজেপির এই আয় সাতটি দলের মোট আয়ের ৬৬.৩৪ শতাংশ। ক্ষমতায় আসার পর গত দুই বছরে বিজেপির আয় বাড়ে ৮১ দশমিক ১৮ শতাংশ। ২০১৪ সালে বিজেপির আয় ছিল ৫৭০ কোটি ৮৬ লাখ রুপি। এখন তা আরও বেড়েছে।

এদিকে ধনী দলের তকমা পাওয়ার পর বিজেপি গোটা ভারতে তাদের বিস্তার করার প্রত্যয়ে এগিয়ে চলতে শুরু করে। যদিও পশ্চিমবঙ্গে কোনো দিনই বিজেপির অবস্থা ভালো ছিল না। সরকারে আসতে পারেনি এখনো। তবে সর্বশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়ে বিজেপি নিজেদের অস্তিত্বের জানান দেয়। তাই দলের বিস্তৃতি ঘটানো এবং কর্মীদের চাঙা রাখতে নতুন কার্যক্রম হাতে নেয়। চলতি বছরের রাজ্য বিধানসভার নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে বিজেপি নির্বাচনের প্রচারের লক্ষ্যে ভাড়া নেয় দক্ষিণ কলকাতার হেস্টিংস এলাকার বিশাল এক বাড়ির চারটি ফ্লোর। সেখানে বিজেপি কার্যত গড়ে তোলে তাদের এ রাজ্যের প্রধান দপ্তর। যদিও রাজ্যের মূল দপ্তর কলকাতার ৬ নম্বর মুরলী ধর সেন লেনে।

হেস্টিংসের ওই বিশাল বাড়িতে বিজেপির নতুন দপ্তরের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপর সেখান থেকে বিজেপির নির্বাচনী প্রচারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হয়। কিন্তু বিধিবাম। এবারের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে যায় বিজেপি। ফলে বহু নেতা–কর্মী ছাড়তে শুরু করে বিজেপি। বাড়তে থাকে তৃণমূলের সমর্থন। অনেকেই আবার ভিড়তে শুরু করে তৃণমূলে। ফলে বিজেপি ঠিক করে ফেলে, এই দপ্তরের নামে হাতি পোষা আর নয়। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি তাদের নেওয়া চারটি ফ্লোরের মধ্যে তিনটি ফ্লোর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও এ কথা ঠিক, বিজেপির ন্যায় এখন কংগ্রেসের আয় কমেছে প্রায় ১৪ শতাংশ। কংগ্রেসের সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে আয় ছিল ২৬১ কোটি ৫৬ লাখ রুপি। পরবর্তী বছরে তা কমে হয় ২২৫ কোটি ৩৬ লাখ রুপি। প্রতিবেদনে এ কথাও বলা হয়, ওই অর্থবছরে এই সাত দলের খরচ দেখানো হয়েছে ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ রুপি।

আবার খরচের নিরিখে ওই বছর বেশি ব্যয় করেছে বিজেপি। তাদের ব্যয়ের পরিমাণ ৭১০ কোটি ৫ লাখ রুপি। আয়ের নিরিখে এই সাত দলের মধ্যে সবচেয়ে নিচে সিপিআই। ২০১৬-১৭ অর্থবছরে তাদের আয় দেখানো হয়েছে ২ কোটি ৮ লাখ রুপি।

বিএসপির আয় দেখানো হয়েছে ২২৬ কোটি ৩২ লাখ রুপি। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির আয় হয়েছে ১৭ কোটি ২৪ লাখ রুপি। প্রতিবেদনে বলা হয়েছে ,ওই অর্থবছরে সিপিএমের আয় কমেছে ৬.৭২ শতাংশ। তৃণমূল কংগ্রেসের আয় কমেছে ৮১.৫২ শতাংশ। সব দলই বলেছে, আর্থিক অনুদানই তাদের আয়ের মূল উৎস।