পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ছয় পর্বের (মোট সাত দিন) ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ফল ঘোষিত হবে ১৯ মে। ভোটের পরে বিরোধী কংগ্রেস-সিপিএম জোটের অন্যতম নেতা সূর্যকান্ত মিশ্র দাবি করেন, জোট নিশ্চিতভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। একই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শুভেন্দু অধিকারীও। ওই দলের পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, নজিরবিহীন কুৎসার মধ্য দিয়ে তাঁদের ভোট করতে হয়েছে।
নানা কারণে এবারের নির্বাচন আগের অন্যান্য নির্বাচনের চেয়ে বিশিষ্ট হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনে হিংসা যেভাবে শিকড় গেড়েছে, তাতে এক দিনে রাজ্যের মোট ২৯৪টি আসনে ভোট গ্রহণের আয়োজন করা অসম্ভব মনে করে নির্বাচন কমিশন ছয় দফায় সাত দিনে ভোটের আয়োজন করেছিল। নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। তার সঙ্গে রাজ্য পুলিশও। কমিশনের নিযুক্ত অসংখ্য পর্যবেক্ষক ভোটের ওপর নজর রেখেছেন। তা সত্ত্বেও প্রায় প্রতিটি ভোট পর্বে কমবেশি হিংসার ঘটনা ঘটতে দেখা গেছে।
এবারের ভোট পর্বে আরও দেখা গেছে শাসক দলের তরফে রাজ্য প্রশাসনকে নানাভাবে ভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করতে। রাজ্য পুলিশ ও প্রশাসনের ৬৭ জন অফিসারকে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে কমিশন সরিয়ে দিয়েছে। তার মধ্যে একাধিক জেলার পুলিশ সুপার, জেলা শাসক রয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোড়ায় নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে শুরু করেন। পরে মমতা তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও আক্রমণ শুরু করেন। ভোট পর্বের শেষ দিকে এসে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের পুলিশকেও শাসানি দিতে শুরু করেন। উল্লেখ্য, তিনি নিজেই রাজ্যের পুলিশমন্ত্রীও বটে।
শেষ পর্বের ভোট ছিল উত্তরবঙ্গের কোচবিহারের ৯টি আসনে এবং পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনে। কোচবিহারের দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের উপস্থিতিতে একটি বুথে ছাপ্পা ভোট দিতে দেখা যায়। নাটাবাড়িতে শাসক দলেরই প্রার্থীকে দেখা যায় বুথে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে শাসাতে, পুলিশকে শাসাতে। নির্বাচন কমিশন জেলা প্রশাসন থেকে খোঁজখবর নিয়ে এই দুজনের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দিয়েছে। বেআইনি কাজের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে কমিশন এফআইআর করেছে।
সংবাদমাধ্যম, বিশেষ করে টিভি ক্যামেরার দৌলতে এবারের ভোট পর্বের আরও একটি বৈশিষ্ট্য সামনে এসেছে। বহু জায়গায় শাসক দলের বাহিনী ভয় দেখিয়ে ভোটদাতাদের পোলিং বুথে যাওয়া আটকাতে চেষ্টা করেছে। গোড়ার পর্বে তারা সফল হলেও পরের দিকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সক্রিয়তার কারণে ততটা সফল হয়নি। একটা একটা করে ভোট পর্ব শেষ হয়েছে, বুথ দখল করে ভোট লুটের ঘটনাও ক্রমশ কমেছে। তবে যেটা থামানো যায়নি, তা হলো ভোট-পরবর্তী সন্ত্রাস। সব মিলিয়ে এবারের ভোট পর্ব বহু নজির গড়েছে।