পশ্চিমবঙ্গে ভোট–পরবর্তী সহিংসতার তদন্ত করবে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হাইকোর্ট
ফাইল ছবি: প্রথম আলো

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) পশ্চিমবঙ্গে ভোট–পরবর্তী সহিংসতা তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালত গঠিত বিশেষ বেঞ্চের কাছে সিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন খতিয়ে দেখতে বলা হয়েছে।

নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লাগাতার অভিযোগ করছে, তাদের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিয়মিতভাবে হামলা করছেন।

বিজেপির অনেক কর্মী ইতিমধ্যেই মারা গেছেন, অনেকের ঘর ভাঙা হয়েছে এবং ভয় দেখিয়ে বা ভুয়া মামলা করে অনেককে ঘরছাড়াও করা হয়েছে। সিবিআইকে এসব অভিযোগই খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার আদেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিজেপির তরফে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সিবিআইএর বিরুদ্ধে অতীতে নানা পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। এই রায় আগামী দিনে রাজ্যে নতুন রাজনৈতিক ইস্যুর জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।

জাতীয় মানবাধিকার কমিশন সপ্তাহখানেক আগে বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন-পরবর্তী সহিংসতার তদন্ত করেনি। প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ কমিশনের নজরে এলেও মাত্র ৬৫০টি অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। মানবাধিকার কমিশন ও নানা প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট ভোট–পরবর্তী সহিংসতার তদন্ত সিবিআইর হাতে তুলে দিল।

তবে সিবিআই অনেক ক্ষেত্রে যেমন করে একটি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের রাজ্যের বাইরে নিয়ে গিয়ে জেরা করে এবং তদন্ত চালায়, তেমনটা এ ক্ষেত্রে তারা করতে পারবে না। এই মামলার তদন্ত তাদের পশ্চিমবঙ্গেই করতে হবে।

সাধারণ ও ছোটখাটো ঘটনা নয়, খুন–ধর্ষণসহ বড় ধরনের অপরাধের অভিযোগ সামনে আসার কারণেই এই রায় বলেও আদালত জানিয়েছে।

কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রসহ তিন সদস্যের একটি দলও গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এই দলের নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাদের কাজ হবে ছোটখাটো অপরাধের মামলার তদন্ত করা।

স্বাভাবিকভাবেই এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই রায় প্রকাশের কিছুক্ষণ পরেই দলের অন্যতম মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, রায়টি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খুন, ধর্ষণের মতো অপরাধের সাজা তো দূরের কথা, রাজ্যের পুলিশ মামলা গ্রহণ না করে ঘটনাগুলোকে স্থানীয় স্তরে চাপ দিয়ে মিটিয়ে ফেলছে স্থানীয় নেতা–কর্মীদের (তৃণমূলের) বাঁচাতে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করেছে, তা চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়।

অতীতে সিবিআই বিভিন্ন সময়ে আর্থিক কেলেঙ্কারির মামলায় তদন্ত করতে গিয়ে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা এবং রাজ্যের শীর্ষ আমলাদের ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে, অনেককে আটকে রেখেছে এবং শেষ পর্যন্ত অন্য রাজ্যের জেলেও রেখেছে। নির্বাচনের আগে বারবারই এই কাজ করেছে সিবিআই। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক কেলেঙ্কারির মামলায় কাউকে আদালতে দোষী সাব্যস্ত করতে পারেনি।

সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নেতারা বরাবরই বলে আসছেন, সিবিআই বিজেপি সরকার পরিচালিত একটি সংস্থা, স্বশাসিত সংস্থা নয়। এই নতুন মামলার তদন্ত শুরু হওয়ার পরে সিবিআই হয়তো আবারও নেতা ও আমলাদের জেরা করবে। সে ক্ষেত্রে তৃণমূল মাঠপর্যায়ে এবং রাজনৈতিক স্তরে কীভাবে এর মোকাবিলা করে, সেদিকে সবারই নজর থাকবে।

আজ হাইকোর্টের রায়ের পরে তৃণমূল এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি।