পশ্চিমবঙ্গে মমতা সরকারের আয়ু ফুরিয়ে এসেছে: অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারকে ‘উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ বৃহস্পতিবার পুরুলিয়ায় এক জনসভায় তিনি এ আহ্বান জানান। দুদিনের সফরে গতকাল বুধবার থেকে কলকাতায় আছেন অমিত শাহ।
বিজেপি আয়োজিত ওই জনসভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে মমতা সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। বেশি দিন সময় নেই। এবার এই সরকারকে উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলার সময় এসেছে। তিনি আজ তারাপীঠের কালীমন্দিরে পূজা দিয়ে প্রার্থনা করেছেন। অমিত শাহ বলেন, ‘এই মমতার সরকারকে গদিচ্যুত করার জন্য আমি তারা মায়ের কাছে প্রার্থনা করেছি। বিজেপির কর্মীদের শক্তিদান করার জন্যই প্রার্থনা করেছি।’
অমিত শাহ বলেন, ‘আগামী বছর ভারতে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃণমূলের ঘুম ছুটিয়ে দেব। এই সরকারের সময় আর বেশি দিন নেই। সন্ত্রাস চালিয়ে সরকার বাঁচাতে পারবেন না মমতা। আজ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান দেখে ভীত হয়ে পড়েছে তৃণমূল। তাই তারা এবার পঞ্চায়েত নির্বাচনে দুই কোটি মানুষকে ভোট দিতে দেয়নি।’
অমিত শাহ বলেন, ভারতের ১৯টি রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি। এবার লক্ষ্য বাংলা। এই বাংলায়ও এবার জিততে হবে বিজেপিকে। পশ্চিমবঙ্গে কারখানা বন্ধ হয়ে গেছে। এখন শুধু চলছে বোমা তৈরির কারখানা। বাংলা রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং শ্যামাপ্রসাদের। এই বাংলায় সাম্প্রদায়িকতার স্থান নেই। এই পুরুলিয়ার গ্রামের মানুষ পানীয় জল পান না। আনতে হয় পাঁচ কিলোমিটার পথ হেঁটে। এই রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় বিজেপি সরকার ৩ লাখ ৬০ হাজার কোটি রুপি দিয়েছিল। সেই টাকার হদিস নেই। চলে গেছে তৃণমূলের সিন্ডিকেটের হাতে।
অমিত শাহ অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূলের হাতে বিজেপির ২০ কর্মী-সমর্থক নিহত হয়েছেন।
অমিত শাহ বিজেপিবিরোধী ফেডারেল ফ্রন্ট গঠনের জন্য মমতার উদ্যোগকে কটাক্ষ করে বলেন, আগে বাংলা সামলান। তারপরে দেশ। নিজেদের পায়ের তলার মাটি ঠিক রাখুন। তিনি কথিত বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, কীভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে এই রাজ্যে? ত্রিপুরায়ও আগে বাংলাদেশি অনুপ্রবেশ ছিল। কিন্তু ত্রিপুরাবাসী ত্রিপুরার সরকার বদলে দেওয়ায় অনুপ্রবেশ কমেছে। এবার বাংলার সরকারকেও বদলে দেওয়ার সময় এসেছে।