পশ্চিমবঙ্গে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নারী, ফেরত পাঠানোর চেষ্টা
ভারতের পশ্চিমবঙ্গের হ্যাম রেডিও কর্তৃপক্ষ বলছে, ঝাড়গ্রামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি নারীর সন্ধান পাওয়া গেছে। তাঁর বাড়ি বরিশাল বিভাগে। গত পবিত্র রমজান মাসে ঝাড়গ্রাম থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল গ্রামবাসী। এখন সুস্থ হলেও কীভাবে ঝাড়গ্রামে পৌঁছেছিলেন, তা মনে করতে পারছেন না তিনি। হ্যাম রেডিও কর্তৃপক্ষ ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।
গত রমজান মাসে ওই নারীকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সড়কে খুঁজে পাওয়া যায়। সেখানে মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। তারপর স্থানীয় কিছু মানুষ ওই নারীকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সদরের স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ওই হাসপাতালে মানসিক রোগের চিকিৎসাব্যবস্থা না থাকায় সাধারণ ওয়ার্ডেই রাখা হয় তাঁকে।
ওই নারী প্রথম দিকে কিছুই মনে করতে পারছিলেন না। বলতে পারছিলেন না নামধাম ও বাড়ির ঠিকানা। পরে কিছু কথা বলতে শুরু করলে জানা যায়, ওই নারীর নাম রাজলিয়া বেগম। বয়স ৫০ বছর। স্বামীর নাম লতিফ হাওলাদার। তবে স্বামী এখন জীবিত নেই। তাঁদের একটি ছেলেসন্তান আছে। বাড়ি বাংলাদেশের পটুয়াখালী জেলায়। কীভাবে তিনি এই ঝাড়গ্রামে এসেছেন, তা বলতে পারছেন না। শুধু বলেন, ‘আমার পাসপোর্ট আছে। সেখানে আমার নাম–ঠিকানা আছে।’ তবে তাঁর পাসপোর্টেরই হদিস পাওয়া যায়নি।
এরপর কলকাতার হ্যাম রেডিওর দৃষ্টিতে চলে আসেন ওই নারী। হ্যাম রেডিও এরপর উদ্যোগ নিয়ে ওই নারীর পরিচয় খোঁজার চেষ্টা শুরু করে। যোগাযোগ করে অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশের সঙ্গে। তারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে জানতে পারে, ওই নারী একজন মানসিক রোগী।
গতকাল মঙ্গলবার সকালে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীর খোঁজ পাওয়ার পর তাঁরা ঢাকায় যোগাযোগ করে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। জানা যায়, ওই নারীর বাস বাংলাদেশের বরিশাল অঞ্চলে। তবে তিনি কিছু মনে করতে পারছেন না।
অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘তবু আমরা যতটুকু তদন্ত করে জানতে পেরেছি, তাতে বুঝতে পারি, ওই নারী যেভাবেই হোক এখানে চলে এসেছে। এখন আমরা আমাদের হ্যাম রেডিও ও অ্যামেচার সোসাইটি অব বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছি। যোগাযোগ করেছি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশনের সঙ্গেও। তারাও যাতে ওই নারীকে দ্রুত দেশে ফেরত পাঠাতে পারে, সেই লক্ষ্যে উদ্যোগী হয়েছে।’ তিনি আরও বলেন, হ্যাম রেডিওর প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলেছেন। তিনি হাসপাতালে বসে মুঠোফোনে ধারণ করা ছেলের ছবি দেখে চিনতে পেরেছেন।