পশ্চিমবঙ্গে মিশনারি স্কুলে বৃদ্ধা নানকে গণধর্ষণ, বিক্ষোভ
ভারতের পশ্চিমবঙ্গে একটি খ্রিষ্টান মিশনারি স্কুলের একজন জ্যেষ্ঠ নান গণধর্ষণের শিকার হয়েছেন। নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। প্রতিবাদে আজ শনিবার স্থানীয় জনতা সকাল থেকে রেলপথ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গাঙনাপুরের মিশনারি স্কুল কনভেন্ট অব জেসাস মেরিতে সাত-আটজন দুর্বৃত্ত ঢুকে পড়ে। প্রথমে তারা স্কুলের অফিস ঘরের তালা ভেঙে ১২ লাখ টাকা লুট করে। নিরাপত্তা প্রহরী বাধা দিলে তাঁকে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এ সময় স্কুলের কয়েকজন আবাসিক নান দুর্বৃত্তদের বাধা দিলে তারা তাঁদের আটকে রাখে এবং ৭১ বছর বয়সী একজন নানকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। আজ সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নদীয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রানাঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের অভিভাবকসহ স্থানীয় জনতা রাস্তায় নেমে বিক্ষোভ করে। দুর্বৃত্তদের গ্রেপ্তার ও এলাকার বাসিন্দাদের নিরাপত্তার দাবিতে ওই স্কুলের পাশে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং রানাঘাট রেলস্টেশন সারা দিন অবরোধ করে রাখে তারা। এতে ওই পথে যান ও ট্রেন চলাচল সারা দিন বন্ধ থাকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং এই নিন্দনীয় ঘটনার তদন্তের ভার তুলে দেন সিআইডির হাতে। এর পরই সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিচালক রাজীব কুমার ও কলকাতার সিআইডির প্রধান কার্যালয় ভবানী ভবন থেকে ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত লোকজনকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
এদিকে কলকাতার আর্চ বিশপকে ফোন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কলকাতার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশিষ্টজনেরাও নিন্দা জানিয়েছেন।