পশ্চিমবঙ্গে মৃতদেহ মর্গে নিতে কফিন-ট্রলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতদিন ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে মরদেহ ওয়ার্ড থেকে মর্গে পাঠানো হতো অনেকটা খোলামেলাভাবে। কখনো প্লাস্টিকে মুড়ে, কখনো কাপড়ে ঢেকে, আবার কখনো বিছানাসহ দড়িতে বেঁধে। এই দৃশ্য দেখে নিহত রোগীর স্বজন ও অন্যদের মনে নেতিবাচক প্রতিক্রিয়া হতো। এসব কথা চিন্তা করে এখন থেকে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে মৃতদেহ ওয়ার্ড থেকে কফিন-ট্রলিতে করে মর্গে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) সুশান্ত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্প প্রথম চালু হচ্ছে কলকাতার পার্ক সার্কাস এলাকার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে কলকাতার সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে এই কফিন-ট্রলি ওই হাসপাতালে পাঠানো হয়েছে। এতে রয়েছে স্টিলের ঢাকনা। মৃতদেহ এই ট্রলিতে তুলে তা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হবে মর্গে। ফলে মৃতদেহ আর প্রকাশ্যে দেখার সুযোগ থাকবে না।