পশ্চিমবঙ্গে রোগী হয়রানি বন্ধে নতুন আইন
ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী হয়রানি বন্ধ করতে রাজ্য বিধানসভায় গতকাল শুক্রবার একটি নতুন আইন পাস হয়েছে।
নতুন আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং ডাক্তারকে ‘মানবিক হতে হবে’। প্রতিটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসার প্যাকেজ রাখতে হবে। এই প্যাকেজের অতিরিক্ত কোনো টাকা-পয়সা আদায় করা যাবে না। চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে স্বল্প ক্ষতিগ্রস্ত রোগীকে তিন লাখ, গুরুতর ক্ষতিগ্রস্ত রোগীকে পাঁচ লাখ এবং গাফিলতির কারণে রোগীর মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে যে কোনো বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। এর জন্য আগাম কোনো অর্থ দাবি করা যাবে না।
আইনে আরও বলা হয়েছে, টাকার জন্য কোনো মৃতদেহ আটকে রাখা যাবে না। জরুরি রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না। এর অন্যথা হলে ওই হাসপাতালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। হাসপাতালের লাইসেন্সও বাতিল করা যাবে।