পশ্চিমবঙ্গে রোগী হয়রানি বন্ধে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম ও ক্লিনিকে রোগী হয়রানি বন্ধ করতে শুক্রবার বিধানসভায় নতুন বিল পাস হয়েছে। এই বিলে চিকিৎসায় স্বচ্ছতা আনা এবং গাফিলতি রোধে কড়া বিধান রাখা হয়েছে।

‘দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল স্টাবলিস্টমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট-২০১৭’ নামের বিলটি শুক্রবার বিকেলে বিধানসভায় পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর এই বিলের ওপর আলোচনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর সর্বসম্মতভাবে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

গত ২২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা কলকাতার টাউন হলে বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে চিকিৎসায় গাফিলতি নিরসনের লক্ষ্যে বিধানসভায় বিল তোলা ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে ঘোষণা দিয়েছিলেন, হাসপাতালের ওপর নজরদারি রাখতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হাসপাতাল রেগুলেটরি কমিটি গড়া হবে। সেই লক্ষ্যে বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকার পেশ করে নতুন এই বিলটি।

এই বিলে বলা হয়েছে, প্রতিটি হাসপাতাল ও চিকিৎসককে মানবিক হতে হবে। চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসার প্যাকেজ রাখতে হবে। এই প্যাকেজের অতিরিক্ত কোনো টাকাপয়সা আদায় করা যাবে না। ইনডোর ও আউটডোর চিকিৎসার খরচও নির্দিষ্ট করে দিতে হবে। দিতে হবে রোগীদের ই-প্রেসক্রিপশন। চিকিৎসার খরচ সম্পর্কে আগেই রোগীকে অবহিত করতে হবে। মানুষ যাতে চিকিৎসা নিয়ে কোনো বিভ্রান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।

বিলে সংস্থান রাখা হয়েছে, চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে স্বল্প ক্ষতিগ্রস্ত রোগীকে তিন লাখ, গুরুতর ক্ষতিগ্রস্ত রোগীকে পাঁচ লাখ এবং গাফিলতিতে মৃত্যু হলে দশ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। যেকোনো বেসরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে দ্রুত ভর্তি করাতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। এ জন্য আগাম কোনো অর্থ দাবি করতে পারবে না বা চিকিৎসায় বিলম্ব ঘটাতে পারবে না। প্রয়োজনে বিনা মূল্যে চিকিৎসা চালাতে হবে।

বিলে আরও বলা হয়েছে, টাকার জন্য কোনো মৃতদেহ আটকে রাখা যাবে না। ইমার্জেন্সি রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না। এর অন্যথা হলে ওই হাসপাতালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এমনকি হাসপাতালের লাইসেন্সও বাতিল করা যাবে।

অন্যদিকে রেগুলেটরি কমিশনের আদেশের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা করা যাবে না; বা সেই নির্দেশও কোনো দেওয়ানি আদালত কর্তৃক স্থগিত করা যাবে না। তবে প্রস্তাবিত এ আইন কার্যকর হবে না সরকারি এবং সেনা হাসপাতালে। এটি কার্যকর হবে পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাব ও সেন্টার, পলিক্লিনিক, ফার্টিলিটি সেন্টার এবং বিভিন্ন নার্সিং হোমে।