পশ্চিমবঙ্গে রোহিঙ্গা শরণার্থী ঠেকাতে বিএসএফ তৎপর
মিয়ানমার থেকে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের সংবেদনশীল ও অরক্ষিত ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিএসএফের মহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ) পিএসআর আনাজানেয়ুলু বলেন, রোহিঙ্গারা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে পারে—এমন ৫০টি সংবেদনশীল অঞ্চলকে চিহ্নিত করে তা আটকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, রোহিঙ্গাদের গতিবিধির ওপর নজর রাখতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে বিএসএফ।
পশ্চিমবঙ্গের সঙ্গে ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের। এ সীমান্তগুলোর অবস্থান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশপরগনা ও নদীয়া জেলায়।