ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে লাল সরকার বদলে নীল সরকার ক্ষমতায় এলেও রাজ্যের কোনো উন্নতি হয়নি। বরং বেড়েছে হিংসা, দুর্নীতি।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে অমিত শাহ এ কথা বলেন। তিন দিনের সফরে গত রোববার রাতে কলকাতায় আসেন তিনি। সোমবার তিনি স্বামী বিবেকানন্দের জন্মভিটায় যান। গতকাল দুপুরে আইসিসিআর মিলনায়তনে বিদ্বজ্জনদের সঙ্গে সভা করেন।
অমিত শাহ বলেন, ‘রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাংলায় এসব কী হচ্ছে? একসময় এই বাংলা দেশকে পথ দেখাত। সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। দুর্নীতিতে ডুবে গেছে। বাড়ছে হিংসা। এখানে বিরোধীদের ওপর চলছে সরকারি দলের অত্যাচার, নির্যাতন, হামলা। এই রাজ্য এখন অন্ধকারে ঢেকে রয়েছে। দ্রুত এই অন্ধকার দূর হবে। পরের বছর এই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।’
কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে অনুদান হিসেবে ৩৪ হাজার ৭৩২ কোটি রুপি দিয়েছে উল্লেখ করে অমিত শাহ প্রশ্ন করেন, ‘সেই উন্নয়নের টাকা গেল কোথায়? এর হিসাব দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’