পশ্চিমবঙ্গে সংক্রমণ নিম্নমুখী, স্বস্তি নিয়ে মণ্ডপে ভক্তরা
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। শারদীয় দুর্গাপূজার সময় করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এই স্বস্তি নিয়ে তারা করোনার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছে।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার মহাসপ্তমী আজ মঙ্গলবার। উৎসবের জাঁকজমকটা মূলত আজই শুরু হচ্ছে।
গতকাল সোমবার ছিল মহাষষ্ঠী। পূজা উৎসবের প্রথম এই দিনটি সংকল্প, বরণ ও বোধনের মধ্য দিয়ে শেষ হয়। এদিন মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, অষ্টমী ও নবমীর দিনে ঝড়বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাস পেয়ে অনেকে আজ মণ্ডপ ও দুর্গাপ্রতিমা দর্শনের কাজ সেরে নিতে চাইছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর জানায়, মহাষষ্ঠীর দিনে এই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ও মৃত্যুহার নিম্নমুখী ছিল।
গতকাল রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো, ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সোমবার রাজ্যে সংক্রমিত হয়েছে ৬০৬ জন। মারা গেছেন নয়জন। এদিন রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৭ জন।
মণ্ডপ পরিদর্শনে এসে দুর্গাভক্তরা আশা প্রকাশ করে বলছেন, এবারের শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়েই রাজ্যে করোনা-অসুরের বিদায় ঘটবে।
এদিকে গতকাল বিকেলে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর চলতি বছরের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করে। সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরা ভাবনা, সেরা সাবেকি পূজা, সেরা কোভিড ওয়ারিয়র্স, সেরা কোভিড–সচেতনতা ইত্যাদি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে।