পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার দাবি
ভারতের পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অবিলম্বে কার্যকর করার দাবি তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও মতুয়া সম্প্রদায়ের একাংশ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করার ঘোষণা দিয়েছিল বিজেপি। সেই ঘোষণাকে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার এবার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
সংশোধিত এই আইন কার্যকর করতে ২৮ মে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব অমুসলিম নাগরিক বিতাড়িত হয়ে ভারতে এসে ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় এবং গুজরাটে ঠাঁই নিয়েছেন তাঁদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই লক্ষ্যে ওই পাঁচ রাজ্যের ১৩টি জেলায় আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি এবং খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকেরা এখনই ওই ১৩টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের কাছে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
এ তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকাতেই ক্ষুব্ধ হয়েছে বিজেপি ও মতুয়া সম্প্রদায়ের একাংশ। গতকাল শনিবার রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ আসনের বিজেপি সাংসদ, মতুয়া নেতা ও মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেন, ওই পাঁচ রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। অথচ পশ্চিমবঙ্গেই রয়েছে সবচেয়ে বেশি উদ্বাস্তু বা শরণার্থী। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এবার উদ্যোগী হবেন।
শান্তনু ঠাকুর অবশ্য বাংলার শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া থেকে বঞ্চিত করার জন্য দোষ চাপিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কার্যকর না করার জন্য দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সিএএ কার্যকর করা থেকে সরে আসেননি, তিনি এই আইন যাতে কার্যকর করা না যায়, সে জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় আইনও পাস করেছেন।