পশ্চিমবঙ্গে সন্ত্রাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙরের একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি: ভাস্কর মুখার্জি
ভাঙরের একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের ২০টি জেলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ সোমবার সকাল সাতটায় শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। শুরুতেই বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। ভোটদানে বাধা, ব্যালট ছিনতাই, এজেন্টকে ঢুকতে বাধা, ব্যালটে জোর করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ বিরোধীদের। এর মধ্যে কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুরসহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে এ ধরনের অভিযোগ এসেছে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নামখানায় গতকাল রোববার রাতে এক সিপিএম কর্মীর বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। আগুনে সিপিএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। সিপিএম নির্বাচন কমিশনে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

কোচবিহারের দিনহাটায় গতকাল রাতভর গুলির লড়াই চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। গুলিবিদ্ধ দুজন। তাঁদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর দিনাজপুরে বিরোধী দলের এজেন্টকে বের করে দিয়েছে তৃণমূল। দেগঙ্গার চাপাতলায় এক কংগ্রেস প্রার্থীকে মারধর করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

সব মিলিয়ে এক সন্ত্রাসের আবর্তে রাজ্যব্যাপী শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন।

এবার নির্বাচন হচ্ছে একদফায়। অর্থাৎ, এক দিনে—আজ সোমবার। ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসনের ৩৪ শতাংশে শাসক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেওয়ায় আজ ভোট হচ্ছে ৬৬ শতাংশ আসনে।

৫ কোটি ভোটারের মধ্যে ভোট দিচ্ছেন ৩ কোটি ৩৮ লাখ। ভোট হচ্ছে ৪৩ হাজার ৬৭টি ভোটকেন্দ্রের ৪৭ হাজার ৪৫১টি বুথে।

গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮২৭টি আসনে ভোট হচ্ছে আজ। মোট প্রার্থী ১ লাখ ৫ হাজার ৮৬৯ জন।

থানা পর্যায়ের পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৫৭টি আসনে প্রার্থী সংখ্যা ২২ হাজার ৩৬২ জন।

আর জেলা পরিষদের ৬২১টি আসনে প্রার্থী সংখ্যা ২ হাজার ৮৩৪ জন।

এবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে অংশ নিচ্ছে তৃণমূলের ৩১ হাজার ৭০৯ জন, বিজেপির ২২ হাজার ৬৩৭ জন ও বামদলের ৫ হাজার ৪৯৭ জন প্রার্থী।

থানা পর্যায়ের পঞ্চায়েত সমিতির নির্বাচনে তৃণমূলের রয়েছে ৬ হাজার ১১৩ জন, বিজেপির ৪ হাজার ৯৫০ জন ও বামদলের ৪ হাজার ৩৮১ জন প্রার্থী।

অন্যদিকে জেলা পরিষদে তৃণমূলের ৬২১ জন, বিজেপির ৫৭৫ জন ও বাম দলের ৫৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪ শতাংশ আসনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন, ওই আসনে জয়ী হওয়া প্রার্থীদের গেজেট জারি করা যাবে না। আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পর এ বিষয়ে নির্দেশ দেওয়া হবে।

এদিকে এই নির্বাচন নিয়ে গত শনি ও রোববার সংঘর্ষে মারা গেছে তিনজন। আর বোমা বাঁধতে গিয়ে নিহত হয়েছে একজন।

গত শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে জমি রক্ষা কমিটির উদ্যোগে নির্দল প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী মিছিলে হামলা চালায় ভাঙরের তৃণমূলের ‘নামী সন্ত্রাসী’ আরাবুল ইসলাম ও তাঁর দলবল। এতে হাফিজুল মোল্লা নামের ২৫ বছরের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের সাবেক বিধায়ক আরাবুল ইসলামকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শনিবার আরাবুলের বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, আরাবুলের বাহিনী নির্বাচনের দিন সন্ত্রাস করার জন্য এই বোমা মজুত করেছিল।

এবার রাজ্যের ত্রিস্তর পর্যায়ের গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন ও জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর এবার জেলা পরিষদের ৬২২টি, পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৫৮টি ও গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮৩৬টি আসনে নির্বাচন হচ্ছে।

এবারের এই নির্বাচনে নির্বাচন কমিশন ১৮ শতাংশ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। সব মিলিয়ে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮ হাজার ৬৪০।