পশ্চিমবঙ্গে সীমান্তে হবে রিট্রিট সেন্টার
পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকার পর্যটন শিল্পকে উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকার এবার নতুন করে উদ্যোগ নিয়েছে। পর্যটকেরা যাতে সীমান্ত এলাকা পরিদর্শন করতে পারে সেই লক্ষ্যে সীমান্তে রিট্রিট সেরিমনি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেন্টারে থাকবে প্যারেড গ্রাউন্ড, গ্যালারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা। গতকাল শুক্রবার রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এ খবর জানিয়েছেন।
কলকাতার একটি অভিজাত হোটেলে গতকাল সন্ধ্যায় আয়োজিত ইনফোকম-১৭ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব পর্যটনের উন্নয়নে নানা পরিকল্পনার কথা বলেছেন। তিনি বলেন, সীমান্ত পর্যটনকে আরও আকর্ষণীয় করার জন্য এবার ভারত-পাকিস্তানের আটারি-ওয়াঘা সীমান্তের মতো ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধাসহ বিভিন্ন সীমান্তে রিট্রিট সেরিমনি সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
ভারতের পাঞ্জাবের অমৃতসর শহরের কাছে আটারি ও পাকিস্তানের লাহোরের কাছে ওয়াঘা সীমান্তে দীর্ঘদিন ধরে বিকেলে এই সেরিমনিয়াল রিট্রিট অনুষ্ঠান হয়ে আসছে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্তে এই সেন্টার গড়ে তোলা হয়েছে।
পর্যটনমন্ত্রী আরও বলেছেন, দার্জিলিংয়ের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় ও উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হবে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে বলিউড তারকা শাহরুখ খানকে দিয়ে প্রচার চালানো হতে পারে।