পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১০,৮০৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক-দুর্ঘটনা
সড়ক-দুর্ঘটনা

ভারতের পশ্চিমবঙ্গে গত বছরের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১০ হাজার ৮০৪ জন। আহত হয়েছে ১৯ হাজার ৯৩০ জন। এ তথ্য জানিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর।

পরিবহন দপ্তর বলছে, এ সময়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২২ হাজার ৫০৩টি। এর মধ্যে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৩ হাজার ৫৮০টি দুর্ঘটনায় মারা গেছে ৬ হাজার ৫৪৪ জন এবং আহত হয়েছে ১১ হাজার ৮৫৯ জন। আর এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৮ হাজার ৯২৩টি দুর্ঘটনায় ৪ হাজার ২৬০ জন নিহত এবং ৮ হাজার ৭১ জন আহত হয়েছে।

সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ বা ‘সামলে চালাও, জান বাঁচাও’ স্লোগান নিয়ে প্রচারে নেমেছিল রাজ্যের পরিবহন দপ্তর। সেই প্রচারে সুফল মিলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজ্য সরকারের এই প্রচারের ফলে রাজ্যে দুর্ঘটনা কমেছে ১৬ শতাংশ। জখমের ঘটনা কমেছে ১২ দশমিক ৫ শতাংশ আর মৃত্যুর হার কমেছে ১৩ শতাংশ।’

চলতি মাস থেকে আবার শুরু হয়েছে ‘সেফ লাইফ, সেফ ড্রাইভ’ প্রচার কর্মসূচি। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পথনিরাপত্তা–সংক্রান্ত পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছে। এখন থেকে গোটা বছর ধরেই চলবে পথনিরাপত্তার এই প্রচার অভিযান।