পশ্চিমবঙ্গে হাইকোর্টকে চ্যালেঞ্জ করছে তৃণমূল

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এখনো অশান্ত পুরো রাজ্য। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক দলের বাধা ও তাণ্ডবের প্রতিবাদে বিজেপি, বাম দল এবং কংগ্রেস আলাদা করে আবেদন জানায় আদালতে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এক নির্দেশে ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া স্থগিত রাখার আদেশ দেন।
হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ এই নির্দেশ দেন। এতে খুশি হতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, মামলায় শুনানির জন্য ডিভিশন বেঞ্চে যাবেন তাঁরা।
তথ্য গোপনের অভিযোগে আদালত ৫ লাখ রুপি জরিমানা করেছেন রাজ্য বিজেপিকে। কলকাতা হাইকোর্টে মামলা করার সময় বিজেপি দিল্লিতে যে বিষয়ে সুপ্রিম কোর্ট মামলা করেছে, সেই তথ্য কলকাতা হাইকোর্টে না জানানোয় জরিমানা করার নির্দেশ দেন আদালত।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ২ এপ্রিল। শেষ হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। তবে বিরোধী দলকে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রমে বাধা সৃষ্টি করায় অনেকেই মনোনয়নপত্র জমা দিতে পারেননি। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এক দিন সময় বাড়িয়ে দেন। কিন্তু পরে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ানোর বিজ্ঞপ্তিটি বাতিল করে দেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপি সুপ্রিম কোর্টে যায়। একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যায় ১৭টি বাম দল ও কংগ্রেস।
বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টি আসনেই বিরোধী বিজেপি, বাম দল ও কংগ্রেস দল কোনো প্রার্থী দিতে পারেনি। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন জেলার এসডিও ও বিডিও অফিসে ঢোকার সব পথ বন্ধ করে দিয়েছিলেন তৃণমূলের সমর্থকেরা। এর ফলে বিরোধী কোনো প্রার্থী মনোনয়নপত্র নিয়ে হাজির হতে পারেননি। একটি আসনে বিজেপির এক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরে সেটি তিনি প্রত্যাহার করেছেন। এ কারণে বীরভূম জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪২টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন তৃণমূলের প্রার্থীরা।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলের নৈরাজ্যের প্রতিবাদে ১৭টি বাম দল ৬ ঘণ্টার বনধ ডাকে। এতে সাড়া মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, রাজ্যে কোনো বনধ হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকারি কর্মীরা দপ্তরে অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে। পরিবহনমন্ত্রী বলেন, সব যানবাহন চলবে। বাস বা যানবাহন ভাঙচুর হলে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আগামী ১, ৩ ও ৫ মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হবে। এ রাজ্যে গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭ এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হবে।