পশ্চিমবঙ্গে ১৪ মের পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

জটিলতা পিছু ছাড়েনি এবারের পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। একের পর এক মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। মামলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টেও। তবু পিছু ছাড়ছে না পঞ্চায়েত নির্বাচনের জটিলতা।
গত ৩১ মার্চ তড়িঘড়ি করে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্য নির্বাচন কমিশন একতরফা পঞ্চায়েত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ দেওয়া হয় গত ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ১, ৩ ও ৫ মে।
এরপর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে শাসকদলের বাধা, বিরোধী দলের প্রার্থীদের মারপিট, ভীতি প্রদর্শন, মনোনয়নপত্র জমার কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা, সন্ত্রাসী তাণ্ডব, হামলা ইত্যাদির কারণে কলকাতা হাইকোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে বিরোধী দলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম।
পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর বিরোধী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ২৩ এপ্রিল এক দিন সময় বাড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়। কিন্তু শেষ দিনে শাসক দল আবার স্বমূর্তি ধারণ করে বাধা দেয় বিরোধী দলকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজে। ফের কলকাতা হাইকোর্টে মামলা করে বিরোধী বাম দল, কংগ্রেস, পিডিএস ও বিজেপি।
মামলার শুনানির পর গত ২৪ এপ্রিল হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার জানিয়ে দেন, বিরোধী দলের সঙ্গে বৈঠক করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে ১৪ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে। এতে সন্তুষ্ট হতে না পেরে ফের মামলা হয় হাইকোর্টে। দাবি ওঠে নির্বাচনে ভোটকর্মী এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে।
প্রশ্ন ওঠে, ভোটাররা কি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন, নাকি নির্বাচন হবে প্রহসন? এই মামলায় বিচারপতি নির্দেশ দেন নির্বাচনে নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা নিয়েছে, তা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানানোর। কিন্তু তা না জানিয়েই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়। দায়েরকৃত মামলার শুনানি হয় গত সোমবার কলকাতা হাইকোর্টে। তাতে বিচারপতি বলেন, যেহেতু হাইকোর্টকে নিরাপত্তাজনিত বিস্তারিত তথ্য না দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ১৪ মে নির্ধারণ করেছে, তাতে ধরে নেওয়া যায়, ১৪ মে চূড়ান্ত তারিখ নয়। এটা প্রস্তাবিত তারিখ। আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৪ মে। এই নির্দেশের ফলে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে ১৪ মে নির্বাচন হওয়া নিয়ে।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আসন্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৩২.২ শতাংশ আসনে জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জেলা পরিষদের ২০৩টি আসন, পঞ্চায়েত সমিতির ৩ হাজার ৫৯টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ১৬ হাজার ৮১৪টি আসন। শতাংশের হিসাবে তা ৩২.২ শতাংশ। এত আসনে জিতেও এখন স্বস্তিতে নেই শাসক দল তৃণমূল। কারণ, দলের প্রতিটি আসনে একজন করে প্রার্থী থাকলেও এখনো দলেরই বাড়তি প্রার্থী রয়েছেন ৪ হাজার ৩০২ জন। গত শনিবার দল এই অতিরিক্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দিলেও ওই সব প্রার্থী বরং মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনের ময়দানে রয়ে গেছেন।
এবার রাজ্যের গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ২১৭টি আসন এবং জেলা পরিষদের ৮২৫টি আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে।