
ভারতের ৫৪৩ আসনের লোকসভার চতুর্থ দফার নির্বাচন ২৯ এপ্রিল সোমবার। এদিন নির্বাচন হবে ৯টি রাজ্যের ৯১টি আসনে। এর আগে তিন দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যথাক্রমে ১১ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২৩ এপ্রিল। এই তিন দফায় ভোট নেওয়া হয়েছে ২০৩টি আসনে। বাকি আসনের ভোট নেওয়া হবে যথাক্রমে ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। ফলাফল ঘোষণা হবে ২৩ মে।
এই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৮টি আসনে নির্বাচন হবে। আসনগুলো হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান-পূর্ব, আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর আসন। এর আগের তিন দফার নির্বাচনে ভোট নেওয়া হয়েছে ১০টি আসনে।
সোমবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে আছেন বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী ও তৃণমূলের অপূর্ব সরকার। বীরভূমে তৃণমূলের অভিনেত্রী শতাব্দী রায়, বিজেপির দুধকুমার মণ্ডল, বামফ্রন্টের রেজাউল করিম।
আসানসোলে রয়েছেন তৃণমূলের মুনমুন সেন, বিজেপির বাবুল সুপ্রিয় এবং বাম ফ্রন্টের গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র, বিজেপির কল্যাণ চৌবে এবং বাম ফ্রন্টের শান্তনু ঝা। রানাঘাটে তৃণমূলের রুপালি বিশ্বাস ও বাম ফ্রন্টের রমা বিশ্বাস। বোলপুরে তৃণমূলের অসিত মাল, বাম ফ্রন্টের রামচন্দ্র ডোম এবং বিজেপির রামপ্রসাদ দাস। বর্ধমান-পূর্ব আসনে তৃণমূলের সুনীল কুমার মণ্ডল, বিজেপির পরেশ চন্দ্র দাস এবং বাম ফ্রন্টের ঈশ্বর চন্দ্র দাস। বর্ধমান-দুর্গাপুর আসনে তৃণমূলের মমতাজ সংঘমিতা, বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বাম ফ্রন্টের আভাস রায়চৌধুরী। চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮ জন প্রার্থী। রয়েছেন প্রধান চার দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বাম ফ্রন্টের ৮ জন করে প্রার্থী।
৬৮ প্রার্থীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে মামলা
অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এবং পশ্চিমবঙ্গের ইলেকশন ওয়াচ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকালীন নির্বাচন কমিশনে দেওয়া বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তাদের এক প্রতিবেদনে বলেছে, ৬৮ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। সবচেয়ে বেশি মামলা রয়েছে বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে। মামলা সংখ্যা ৯। এরপরে কংগ্রেসের অধীর চৌধুরীর বিরুদ্ধে ৭টি মামলা, বীরভূমে বিজেপি প্রার্থী দুধকুমারের বিরুদ্ধেও ৭টি মামলা। চতুর্থ দফার ৬৮ প্রার্থীর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৪ জন।
এই ৬৮ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী তৃণমূলের মমতাজ সংঘমিতা। সম্পত্তির পরিমাণ ১৩ কোটি রুপি। দ্বিতীয় স্থানে তৃণমূলের মুনমুন সেন। সম্পত্তি ১০ কোটি রুপি এবং কংগ্রেসের অধীর চৌধুরীও ১০ কোটি রুপি।
এবারের এই চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এই চতুর্থ দফায় সব ভোটকেন্দ্রে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সংখ্যা ৫৮০ কোম্পানি। আরও থাকছে সশস্ত্র পুলিশ এবং কেন্দ্রের বাইরে লাঠিধারী পুলিশ।