পশ্চিমবঙ্গেজুড়ে বিজেপিবিরোধী মিছিল

দল ও দলীয় প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে মিছিল করেছেন ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস।
গত বৃহস্পতিবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দীলিপ ঘোষ দার্জিলিং সফরে গিয়ে প্রচণ্ডভাবে নিগৃহীত হন দার্জিলিংয়ে জনমুক্তি মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাংদের সমর্থকদের হাতে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, এই নিগ্রহের পেছনে ছিল তৃণমূলের হাত।
এই ঘটনার পর গতকাল শুক্রবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ও দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে নানা কটূক্তি করেন। এরই প্রতিবাদে আজ শনিবার এ মিছিল করল তৃণমূল।
আজ দুপুরে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি হটানোর ডাক দেন তৃণমূলের নেতারা। বলা হয় বিজেপি এই রাজ্যে ফের অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। উসকানি দিচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি পাহাড়ে গিয়ে শান্তিভঙ্গ করার লক্ষ্যে উসকানি দিয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে আত্মগোপন করে থাকা গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে কথা বলেছেন। তাঁর পাশে থাকার কথা বলেছেন। রাজ্যবাসী পাহাড়ের শান্তি বিঘ্নিত হতে দেবে না। মমতার নেতৃত্বে পাহাড়ে শান্তি আসছে। পাহাড়ে শান্তি থাকবে।
আজ দুপুরে কলকাতার অন্তত ১০টি স্থান থেকে তৃণমূলের শীর্ষ নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। গড়িয়াহাটের মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ধর্মতলার মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যাদবপুরে সাংসদ মণীশ গুপ্ত, বেহালায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, হাজরায় মন্ত্রী ইন্দ্রনীল সেন, খিদিরপুরে মন্ত্রী ফিরহাদ হাকিম, টালিগঞ্জে মন্ত্রী অরুপ বিশ্বাস নেতৃত্ব দেন। এ ছাড়া প্রতিবাদ মিছিল হয়েছে শ্যামবাজার, গিরিশ পার্ক, তারাতলা, রাসবিহারীসহ পশ্চিমবঙ্গের সব জেলায়।
মিছিল শেষে মিছিলকারীরা পথসভা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কুশপুতুলে অগ্নিসংযোগ করে।