পশ্চিমবঙ্গের নাম হবে 'বাংলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি গতকাল সোমবার বিপুল ভোটে পাস হয়েছে। ফলে ‘বাংলা’ হওয়ার পথে বেশ অনেকটাই এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে ইংরেজিতে ‘বেঙ্গল’ আর হিন্দিতে ‘বাঙ্গাল’ বলে অভিহিত হবে এই রাজ্য। তবে প্রস্তাব পাসের পর এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এখন থেকেই আমরা রাজ্যের নাম “বাংলা” লিখব।’
বিধানসভার বিশেষ এই অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি পেশ করেন সংসদবিষয়ক ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা শুরু করার পর তুমুল হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তিনি বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করলে কংগ্রেসের বিধায়কেরা এ নিয়ে আপত্তি তুলে অধিবেশন বর্জন করেন। তবে থেকে যান বাম বিধায়কেরা। তাঁরা প্রস্তাবের সংশোধনী আনলে স্পিকার তা খারিজ করে দেন। এরপর ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। এর পক্ষে ভোট পড়ে ১৮৯টি। আর বিপক্ষে পড়ে ৩১ ভোট।
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ যারা এই নামের বিরোধিতা করেছে, তারা ফের ঐতিহাসিক ভুল করল। ইতিহাস তাদের ক্ষমা করবে না। নামবদলের বিরোধিতা সত্যিই দুঃখজনক।’
মমতা বলেন, ‘এখন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদনের জন্য দিল্লিতে পাঠানো হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সিদ্ধান্তটি দ্রুত অনুমোদনের চেষ্টা করব আমরা।’
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য মন্ত্রিসভায় ২ আগস্ট দুটি নামের প্রস্তাব গৃহীত হয়—বাংলা ও বঙ্গ। তবে অধিকাংশের মত ‘বাংলা’ নামের পক্ষে ছিল। সেই নামকেই অনুমোদন করেন মমতা।
তবে মন্ত্রিসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব ওঠার সময় থেকেই ‘বাংলা’ নাম নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কেউ কেউ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হওয়ায় রাজ্যের নাম বাংলা হলে সমস্যা হতে পারে।
এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যের নাম পরিবর্তন হয়েছে। সংযুক্ত প্রদেশের নাম পরিবর্তন হয়ে হয়েছে উত্তর প্রদেশ, হায়দরাবাদের নাম বদলে হয়েছে অন্ধ্রপ্রদেশ, মধ্য ভারতের নাম হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চলের নাম হয়েছে উত্তরাখন্ড, উড়িষ্যা হয়েছে ওডিশা, ত্রিবাঙ্কুর-কোচিন হয়েছে কেরালা, মাদ্রাজ হয়েছে তামিলনাড়ু এবং মহীশূর হয়েছে কর্ণাটক রাজ্য।