পশ্চিমবঙ্গের নাম 'বঙ্গ' বা 'বাংলা' করার প্রস্তাব পাস
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বঙ্গ’ বা ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। আজ মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রস্তাবটি পাস হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী বৈঠকের পর সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটিতে বলা হয়েছে, এই রাজ্যের নাম হবে বঙ্গ বা বাংলা। ইংরেজিতে হবে বেঙ্গল। ২৬ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এর আগে স্পিকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হবে। এতে নাম পরিবর্তনের প্রস্তাবটি গৃহীত হলে তা পেশ করা হবে বিধানসভার ওই অধিবেশনে। বিলটি বিধানসভায় পাস হলে তা পাঠানো হবে ভারতের সংসদে। সেখানে নাম পরিবর্তনের প্রস্তাব পাস হলে তা আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির নিয়মরক্ষার স্বাক্ষরের পরই আইনে পরিণত হবে তা।
২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই মমতা এক সর্বদলীয় বৈঠক ডাকেন, যাতে ওয়েস্ট বেঙ্গলের নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ লেখার প্রস্তাব ওঠে। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর তা কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে বিষয়টিতে দৃশ্যত অগ্রগতি হয়নি।
সম্প্রতি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত আন্তরাজ্য পরিষদের এক বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ায় বর্ণানুক্রমিকভাবে সবার শেষে ডাক পান মমতা। এতে ক্ষুব্ধ মমতা কেন্দ্রের কাছে রাজ্যের নাম পরিবর্তনের দাবি আরও জোরের সঙ্গে তোলার সিদ্ধান্ত নেন।