পশ্চিমবঙ্গের নির্বাচনে হারের কারণ খুঁজছেন বাম নেতৃত্ব
পশ্চিমবঙ্গের রাজ্য সিপিআইএম নেতৃত্ব মনে করছেন, কংগ্রেসের সঙ্গে জোট না হলে বিধানসভা নির্বাচনের ফল আরও খারাপ হতে পারত। এবারের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের শোচনীয় ফলাফলের কারণ খুঁজছে দলটি। শেষ পর্যন্ত চিহ্নিত কারণগুলো রাজ্য কমিটিতে অনুমোদনের পর প্রতিবেদন আকারে পাঠানো হবে কেন্দ্রীয় কমিটির কাছে।
এ বিষয়ে রাজ্য কমিটির বৈঠক আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সিপিআইএমের খসড়া প্রতিবেদনে নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের জোটকে দায়ী করা হয়নি। বরং বলা হয়েছে উল্টোটাই। পলিটব্যুরোয় জোটের পক্ষেই জোরালো সওয়াল করেছে দলটির পশ্চিমবঙ্গ কমিটি। তাদের পর্যবেক্ষণ, জোট গঠন হলেও সময়ের অভাবে তা সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়া যায়নি, বিশেষ করে গ্রামবাংলায়। আর জোটের বার্তা স্পষ্ট না হওয়ায় ভোটাররা প্রতীক নিয়ে বিভ্রান্তিতে ছিলেন। সিপিআইএমের মতে, জোট গঠন হওয়ার পরেও নির্বাচনী প্রচারে যৌথ কার্যক্রমে যথেষ্ট আড়ষ্টতা ছিল।
এদিকে, কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধীর চৌধুরী দলীয় সভানেত্রী সোনিয়া গান্ধী বরাবর সর্বশেষ বিধানসভা নির্বাচন নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। এতে বলা হয়, রাজ্যে ভোটের ফল কংগ্রেসের পক্ষে ভালোই হয়েছে। তবে কংগ্রেসের সহসভাপতি পশ্চিমবঙ্গে জোট বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন। এও বলেছেন, নির্বাচনের অনেক আগেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।