
টান টান উত্তেজনার মধ্যে আজ বৃহস্পতিবার ভারতের আরও চার রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। রাজ্যর ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচনের জন্য সাত দিন ধরে ভোট গ্রহণ করা হয়েছে। ৭০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী, প্রায় সমান সংখ্যায় রাজ্য পুলিশের নজিরবিহীন পাহারায় ভোটপর্ব সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও ভোটের সময় এবং ভোট-পরবর্তী সহিংসতায় রক্তপাত ও প্রাণহানি এড়ানো যায়নি।
ভোটপর্ব ৫ মে শেষ হলেও তামিলনাড়ু, কেরালা ও পদুচেরির ভোটপর্ব না মেটা পর্যন্ত ভোট গণনা ও ফল ঘোষণা করা হয়নি। আজ সকাল থেকেই গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ফল ঘোষণা করতে শুরু করবে।
বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষাতেই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তূণমূল কংগ্রেসের আবারও ক্ষমতায় ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা মনে করে বিরোধী শিবিরও আশায় বুক বাঁধছে। ভোটের ফল আশানুরূপ না হওয়ার আশঙ্কায় শাসক দলের কর্মীরা এত দিন বেশ মনমরা হয়ে ধর্মীয় উপাসনালয়ে ঘুরছিলেন। শাসক দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তূণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। বুথ ফেরত সমীক্ষার ফল জানা যেতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ বিজয়োৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বীরভূম ও বর্ধমান জেলায় যেমন প্রচুর ঢাকিকে বিজয় মিছিলে ঢাক বাজানোর জন্য অগ্রিম বায়না করে আনা হচ্ছে। তেমনই কলকাতা ও চারপাশের ছোট শহরে তূণমূল নেতা-কর্মীদের তরফে প্রচুর বিরিয়ানির অর্ডার দেওয়া শুরু হয়েছে।
শাসক দলের এই উৎসবের মেজাজের মধ্যেই বিরোধী দলের কর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ চলছে। কংগ্রেস ও বামপন্থী দলের নেতারা নির্বাচন কমিশনের কাছে এই ভোট-পরবর্তী হিংসা থামানোর জন্য ব্যবস্থা নিতে আবেদন করেছেন। একই সঙ্গে বিরোধী শিবিরের কর্মী-সমর্থকদের সংযত থাকতে ও প্ররোচনায় পা না দিতে আবেদন জানিয়েছেন।