পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সহিংসতার তদন্ত শুরু করেছে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সহিংসতার তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। সংস্থাটির পক্ষ থেকে পুলিশের কাছে এ–সংক্রান্ত সব মামলার নথি চাওয়া হয়েছে। এসব মামলা তদন্তের জন্য চারটি পৃথক টিম গঠন করেছে সিবিআই। আজ শুক্রবার থেকে তারা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গড়া পাঁচ সদস্যের বৃহত্তর ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশনা দেওয়া হয়। আদালতের নির্দেশের পরই তদন্তের কাজ শুরু করল সিবিআই।

সিবিআই সূত্রে জানা গেছে, সিবিআইয়ের চারটি টিমের প্রতিটিতে ছয়জন করে সদস্য। তাঁদের মধ্যে দুজন ডিআইজি পদমর্যাদার এবং চারজন এসপি পদমর্যাদার সিবিআই কর্মকর্তা। এই টিমে রাখা হয়েছে দিল্লি ও দেরাদুনের সিবিআই কর্মকর্তাদেরও। তাঁরা কাল শনিবারের মধ্যে কলকাতায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের পর ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয়ের পর ছড়িয়ে পড়ে সহিংসতা। আর এসব সহিংসতার শিকার হন নির্বাচনে পরাজিত বিজেপির নেতা–কর্মী ও সমর্থকেরা। এসব ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ক্ষতিগ্রস্তরা আদালতের কাছে বিচার দাবি করেন। মামলা চলে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে। এই বেঞ্চেই নির্বাচনোত্তর সহিংসতার মামলার তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি করে আসছিল ক্ষতিগ্রস্তরা।

এই পাঁচ সদস্যের বৃহত্তর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ হয় ৩ আগস্ট। গতকাল বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করা হয়। সেই রায়ে বলা হয়, নির্বাচনোত্তর সহিংসতায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তের জন্য রাজ্য পুলিশকে নিয়ে গড়া হবে তিন সদস্যের সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এতে থাকবেন তিনজন শীর্ষ আইপিএস পুলিশ কর্মকর্তা। আর এই তদন্তের তদারক করবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।

আদালতের নির্দেশে আরও বলা হয়, নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতি পূরণ দিতে হবে রাজ্য সরকারকে। যদিও বিজেপি দাবি করে আসছে, সহিংসতায় তাদের বহুকর্মী নিহত হয়েছেন। বাড়িছাড়া হতে হয়েছে তাদের অনেক নেতা–কর্মী ও সমর্থককে। আহত হয়েছেন অনেক সমর্থক ও নেতা–কর্মী।

আদালত আগামী ছয় সপ্তাহের মধ্যে সিবিআই এবং সিটকে তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

হাইকোর্ট আরও বলেছেন, হাইকোর্টের নির্দেশে এই রাজ্যে নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সরেজমিন তদন্ত রিপোর্টের ওপর রাজ্য সরকার যে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল, তা সঠিক নয়। আদালত সব অভিযোগের তথ্য খতিয়ে দেখেছে।

মামলার এই রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিজেপি। তবে এই রায়কে মেনে নিতে পারেনি তৃণমূল তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য সরকার এবার কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্যোগ নিয়েছে।