শাসক তৃণমূলের সহিংসতা, পঞ্চায়েতে ২০ জেলায় নিহত ১৬

ভোট বাক্স ছিনতাই, ব্যালট ছিনতাই, ছিঁড়ে ফেলা, ব্যালট বাক্স ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া, ভোটকেন্দ্রে মুখে কাপড় বেঁধে পিস্তল হাতে জোর করে ভোট দেওয়া, ভোটকেন্দ্রে বোমাবাজি। পঞ্চায়েত নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনতে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো চেষ্টারই কমতি ছিল না। কোথাও আবার মরিচের গুঁড়া ছিটিয়ে ভোটারদের আসতে বাধা দেওয়া হলো। এসবের অনিবার্য ফল হলো সংঘাত। আর তাতে আজ ২০ জেলার পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় প্রাণ গেল ১৬ জনের।
সকালে পশ্চিমবঙ্গের চরম উত্তেজনাপ্রবণ এলাকা ভাঙরে তৃণমূলের ‘সন্ত্রাসী’ আরাবুল বাহিনী কলকাতার স্টার আনন্দ টেলিভিশনের একটি গাড়ির ওপর আক্রমণ করে। ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে। সাংবাদিকদের বাঁশ দিয়ে পেটায়। তাড়িয়ে দেয় সাংবাদিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এখানে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এখানে আজ জমিরক্ষা কমিটির পক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এনতাজুল খানকে প্রচণ্ড মারধর করে আরাবুল বাহিনীর সন্ত্রাসীরা।
আজ নিহত ১১ জনের মধ্যে সিপিএমের রয়েছে পাঁচ সমর্থক। বিজেপির একজন এবং তৃণমূলের তিনজন। একজন নির্দলীয় সমর্থক রয়েছে। আরও রয়েছেন একজন ভোটার। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া দুলাল ভৌমিক নামের একজন ভোটার কোচবিহারে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
উত্তর ২৪ পরগনার রাজারহাটের পাথরঘাটায় একটি ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্সে জল ঢেলে ভোট বানচাল করা হয়। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পুলিশ বাধা দিলে পুলিশকে পিটিয়ে আহত করা হয়। দক্ষিণ দিনাজপুরের তপনে ভোটকেন্দ্র দখলের জন্য শাসক দলের সমর্থকেরা বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে ভোট লুট করেছে। ভোট লুট হয়েছে মেখলি গঞ্জ, শুরসুরা, মেমারিসহ বহু ভোটকেন্দ্রে। নির্বাচন কমিশন বলেছে, ১৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় ভোট বন্ধ হয়ে গেছে সেখানে। ইটাহারে ২৫টি ভোটকেন্দ্র থেকে ভোটকর্মীরা ভোটের পরিবেশ না থাকায় ব্যালট বাক্স নিয়ে ফিরে গেছে। মুর্শিদাবাদের শ্যামনগরে বোমার আঘাতে দুজন নারী গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মালদহের রতুয়ায় ভোট ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন থানার ওসিসহ সাতজন। তাঁদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এক বিজেপি সমর্থককে চড় মারায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের বিভিন্ন ভোটকেন্দ্রে। ব্যারাকপুরে জেলা পরিষদের এক কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবীর শাসক দলের চোখ রাঙানি ও ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আজ। কলকাতা শহর-সংলগ্ন জ্যাংড়ায় ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পাশের বাগজোলা খালে ফেলে দেওয়া হয়েছে। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভয়ে পালিয়ে যায়।

নদীয়ার শান্তিপুরে বাইক বাহিনী ভোটকেন্দ্রে ঢুকে তাণ্ডব চালালে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বাহিনীর ১২টি বাইক আটকে জ্বালিয়ে দিয়েছে। বীরভূমের মহম্মদপুর বাজারে ব্যালট ছিনতাই হয়েছে। জলপাইগুড়ির শিকারপুরে সন্ত্রাসীর তাণ্ডবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। কোচবিহারের ওখড়াবাড়িতে আড়াই ঘণ্টায় ১০০ শতাংশ জালভোট দেওয়ার পর ভোটকর্মীরা জীবনের ভয়ে অ্যাম্বুলেন্স করে ফিরে গেছেন সেই ব্যালট বাক্স নিয়ে। মুর্শিদাবাদের রেজিনগরে ব্যালট বাক্স লুট করে সেই ব্যালটে ভোট দিয়ে শাসক দলের ভোটকর্মীরা ভোট গণনার কাজ নিজেরাই সম্পন্ন করেন। কোচবিহারের বহু কেন্দ্রে সকাল নয়টার মধ্যে ভোট সম্পন্ন করে শাসক দলের ভোটকর্মীরা।
উত্তর ২৪ পরগনার বাগদায় শাসক দলের ছত্রচ্ছায়ায় ৫০ জনের একটি ভোট ডাকাত দল এসে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় মানুষজন ১০ জনকে ধরে ফেলে তাঁদের বেদম প্রহার করে। এতে সাতজন গুরুতর জখম হয়। ধৃত ব্যক্তিরা জানান, তাঁরা তৃণমূলের এক নেতার ডাকে এখানে এসেছেন। এ ঘটনার পর উত্তর ২৪ পরগনার দায়িত্বে থাকা তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বাংলাদেশের দুষ্কৃতকারীরা এসে এই হামলা চালিয়েছে। তাদের নিয়ে এসেছে বিজেপি। স্থানীয় লোকজন দাবি করেছেন, ধৃত ব্যক্তিরা এখানকার। তারা শাসক দলের ডাকে এখানে ভোট ডাকাতি করতে এসেছিল।
বর্ধমানের ঝালদায় মরিচের গুঁড়া ছড়িয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা তৈরি করে তৃণমূলের সমর্থকেরা। পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় ভোটকেন্দ্রে মুখে কাপড় দিয়ে হাতে পিস্তল নিয়ে সন্ত্রাসীরা বুথে ঢুকে জোর করে ভোট দেয়।
উত্তর দিনাজপুরে বিরোধী দলের এজেন্টকে বের করে দিয়েছে তৃণমূল। দেগঙ্গার চাপাতলায় এক কংগ্রেস প্রার্থীকে মারধর করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। মুর্শিদাবাদের শ্যামনগরে বোমা হামলায় চার কংগ্রেস সমর্থক আহত হয়েছে। এর মধ্যে দুজন নারী।