পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন হাইকোর্টের তত্ত্বাবধানে চায় বিজেপি

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনো উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। নির্বাচন কমিশন ১৪ মে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু এ তারিখ নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে বিরোধী দলের মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ মামলার শুনানি হবে ৮ মে। এরপরই নির্বাচনের তারিখের ফয়সালা হবে।
গতকাল রোববার বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, শাসক দলের পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুন্ডামির কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচন করার দাবি জানিয়েছেন রাহুল সিনহা। কলকাতা প্রেসক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ দাবি তোলেন।
রাহুল সিনহা বলেন, শাসক দল গুন্ডামি করে পঞ্চায়েতের ২০ হাজার আসন ছিনিয়ে নিয়েছে। তাই তিনি এই নির্বাচন সুষ্ঠু করার জন্য হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচন করার দাবি করেছেন। নির্বাচন নিয়ে দলের সাতজন কর্মী ইতিমধ্যে খুন হয়েছেন। ৩৮ জন নিখোঁজ রয়েছেন। তৃণমূলের নেতা-কর্মীরা রাজ্য নির্বাচন কমিশনারকে হুমকি দিচ্ছে। মৃত্যুভয়ে কমিশনার দৌড়ে বেড়াচ্ছেন। আদালত কমিশনারের গোপন জবানবন্দি নিক। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।
অন্যদিকে, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও দাবি করেছেন, অস্ত্র নিয়ে যারা মিছিল করে, তারাই পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করছে। খুন করছে। নির্বাচনের প্রচারে ইতিমধ্যে তৃণমূলের সাতজন কর্মী খুন হয়েছেন প্রতিপক্ষের হাতে। রাহুল সিনহার অভিযোগের প্রতিবাদ করা উচিত নির্বাচন কমিশনারের।
বাম দল বলেছে, নদীয়ায় তাদের এক কর্মী খুন হয়েছেন। তবে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য কর্মী নিহত হওয়ার কথা বলা হয়নি।