পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের তিন স্তরের স্থানীয় সরকার কাঠামোর মূল স্তম্ভ গ্রাম পঞ্চায়েত। তারপর থানা পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় জেলা পর্যায়ে জেলা পরিষদ। এ বছরই এই পঞ্চায়েতের নির্বাচন। নির্বাচন হবে রাজ্যের ৪৮ হাজার ৫৬০টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি এবং ৮২৫টি জেলা পরিষদ আসনে। তবে বাদ যাচ্ছে কলকাতাসহ দার্জিলিং ও কালিম্পং জেলা।

কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য নির্বাচনী দপ্তর আলোচনার পর গত ৩১ মার্চ রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা অমরেন্দ্র কুমার সিং হঠাৎ করে ঘোষণা করেন নির্বাচনী তফসিল। তাতে বলা হয়, আগামী ১, ৩ ও ৫ মে হবে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত । এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে রাজ্যের সব বিরোধী দল বলেছে, এভাবে মাত্র দুদিনের সময় দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যায় না। তা ছাড়া মহান মে দিবসের দিন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করায় ক্ষুব্ধ হয়েছে শ্রমিক সংগঠন।

এদিকে, তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিরোধী দলকে প্রচারের তেমন সময় সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে রাজ্যের সব বিরোধী দল। তারা বলেছে, এত অল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়া এবং নির্বাচনের প্রচারের সুযোগ না দেওয়ায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ।

পাশাপাশি বিরোধী দল দাবি তুলেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা প্রয়োজন। কিন্তু বিরোধীদের এই দাবিকে উপেক্ষা করেন রাজ্য নির্বাচন অধিকর্তা। শাসক দলও জানিয়ে দেয়, নির্বাচন হবে রাজ্যের পুলিশ বাহিনী নিয়োগ করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়।

২০১৩ সালের সর্বশেষ নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছিল। কিন্তু এবার এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে রাজ্য সরকার।

বিজেপি, কংগ্রেস ও বাম দলের আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ না করা হলে তৃণমূল এবারের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপি করবে। বুথ দখল করবে। বিরোধীদের কোনো পাত্তা না দিয়ে এককভাবে জয় ছিনিয়ে নেওয়ার অভিযান চালাবে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী এনে নির্বাচন করার দাবি তুলেছে। তাদের আশঙ্কা কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন হলে নির্বাচন প্রহসনে পরিণত হবে। নির্বাচনের আগেই তৃণমূলের অনেক নেতা ঘোষণা দিয়েছেন, এবারে পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে এই রাজ্যকে বিরোধীশূন্য করা হবে।

রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন এত তড়িঘড়ি? তবে কি পঞ্চায়েত ভোট প্রহসনে পরিণত হবে?

অধীর চৌধুরীর কথা, লোকসভা ভোটের আগে পঞ্চায়েত নির্বাচন করে তৃণমূল দেখিয়ে দিতে চায়, এই রাজ্যে তাদের দল ছাড়া আর কোনো দল নেই। গোটা পশ্চিমবঙ্গ তাদেরই দখলে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, তাঁরাও চাইছেন এই নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নিয়োগের মাধ্যমে হোক। নইলে নির্বাচন প্রহসনে পরিণত হবে।

তবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যাদের দলের শক্তি নেই, তারা নির্বাচনে ভয় পাবেই। তিনি বিজেপিকে দাঙ্গাবাজের দল হিসেবে চিহ্নিত করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি যে ভয় পায়, তা আবার প্রমাণিত হলো। তাই তো ওরা নির্বাচনে যেতে ভয় পেয়ে নানা কথা বলছে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বলেছেন, তড়িঘড়ি এই নির্বাচন ঘোষণার কারণ বুঝতে পেরেছে সাধারণ মানুষ। নির্বাচন অবাধ হতে দেবে না। যেভাবেই হোক তাদের জিততে হবে।