পশ্চিমবঙ্গের পাঁচ মাদ্রাসায় অমুসলিম শিক্ষার্থী বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে চালু হয়েছে আধুনিক শিক্ষাব্যবস্থা। বাংলা, ইংরেজির পাশাপাশি বিজ্ঞান, বাণিজ্যও শেখানো হয় এখানে। পাশাপাশি ১০০ নম্বর রাখা হয়েছে ধর্মীয় শিক্ষার জন্য।

আনন্দবাজার পত্রিকা আজ সোমবার পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা পর্ষদের বরাত দিয়ে বলছে, পশ্চিমবঙ্গের পাঁচটি মাদ্রাসায় অমুসলিম শিক্ষার্থীই সংখ্যায় বেশি।

পাঁচটি মাদ্রাসা হলো, বর্ধমানের ওড়গ্রাম হাইমাদ্রাসা, হুগলির দাবরা হাইমাদ্রাসা, পুরুলিয়ার হুড়া মুজাফফর আহমেদ অ্যাকাডেমি হাইমাদ্রাসা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ইসলামিয়া হাইমাদ্রাসা ও উত্তর দিনাজপুরের কসবা এমএম হাইমাদ্রাসা।

ওড়গ্রাম মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৩০। এর মধ্যে অমুসলিম শিক্ষার্থীর সংখ্যা ৮০০। দাবরায় ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে অমুসলিমের সংখ্যা ১৫৭। হুড়া মাদ্রাসায় ১ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৭২০ জন অমুসলিম। চন্দ্রকোনায় ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ২২৫ জন অমুসলিম। কসবায় ৫৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন অমুসলিম।