পশ্চিমবঙ্গের পৌর নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়
পশ্চিমবঙ্গের সাতটি পৌরসভায় গত রোববারের অনুষ্ঠিত নির্বাচনের ফল আজ বুধবার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে তৃণমূল ও তিনটিতে গোর্খা-জনমুক্তি মোর্চা-বিজেপি জোট। কংগ্রেস-বাম দল একটি পৌরসভারও দখল নিতে পারেনি। বরং দুটি পৌরসভার ক্ষমতা খুইয়েছে।
দার্জিলিং জেলার চারটি পৌরসভার মধ্যে চারটিরই দখল ছিল গোর্খা জনমুক্তি মোর্চার। এর মধ্য থেকে মিরিক পৌরসভার দখল নিতে পারেনি জনমুক্তি মোর্চা। নিয়েছে তৃণমূল। বাকি দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়াং পৌরসভায় জিতেছে জনমুক্তি মোর্চা।
অন্যদিকে মিরিক ছাড়াও সমতলের তিনটি পৌরসভাতেই জিতেছে তৃণমূল। এই তিনটি পৌরসভা হলো মুর্শিদাবাদের ডোমকল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দক্ষিণ ২৪ পরগনার পুজালি পৌরসভা। এর মধ্যে দুটি পৌরসভা কংগ্রেস-বাম দলের দখলে ছিল।
এই সমতলের তিন পৌরসভার নির্বাচনে সরকারি দলের ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলে কংগ্রেস নির্বাচন বর্জন করেছিল। তাদের অভিযোগ উঠেছিল, ভোট লুটের, ভোট কারচুপির, জালভোট, ইভিএম যন্ত্র ভাঙচুরের। এমনকি ক্ষমতাসীন দলের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল নিয়ে ভোটকেন্দ্রে দাপিয়ে বেড়িয়েছে। ভোটকেন্দ্র তছনছ এবং বন্দুকের গুলি ছুড়ে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার ও ভোটকেন্দ্রে না আসার হুমকি দিয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।