পশ্চিমবঙ্গের বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় গতকাল বুধবার রাতে বাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীরা দাবি করেছে মৃতের সংখ্যা ১৫। তবে জেলা পুলিশ সূত্র থেকে মৃতের সংখ্যা ১১ বলে জানানো হয়েছে।
আহত এক বাজি কারিগর ফারুক পুলিশকে ঘটনার বিবরণ জানিয়েছেন। পুলিশের বরাত দিয়ে কলকাতার কয়েকটি টেলিভিশন চ্যানেল জানায়, গতকাল রাত ১১টার দিকে পিংলা থানার ব্রাহ্মণবাড় গ্রামে ওই কারাখানায় একজন কারিগরের বিড়ির ফুলকি থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখানে বাজি তৈরির কাজ করছিল ৮ থেকে ১৮ বছরের কিশোর ও যুবকেরা। এই বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে বাড়ি থেকে ১০০ মিটার দূরের গাছে পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশের ছিন্নভিন্ন অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিস্ফোরণে কারখানাটি ভস্মীভূত হয়। বিস্ফোরণে কারখানার মালিক রাম মাইতি এবং তাঁর স্ত্রীও মারা যান।
রাম মাইতি তৃণমূল কর্মী রঞ্জন মাইতির কাছ থেকে কারখানাটির জন্য এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। পুলিশ বাড়ির মালিক রঞ্জন মাইতিকে গ্রেপ্তার করেছে।
গ্রামবাসীরা আরও অভিযোগ করেছে, বাজি বানানোর নামে এই কারখানায় প্রচুর বোমা বানানো হতো।