পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক আকাশপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রথম আকাশপথ বা স্কাই ওয়াক চালু হলো পশ্চিমবঙ্গে। রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দক্ষিণেশ্বর, কলকাতা, ৬ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের প্রথম আকাশপথ বা স্কাই ওয়াক চালু হলো পশ্চিমবঙ্গে। রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দক্ষিণেশ্বর, কলকাতা, ৬ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের মধ্যে কলকাতা আর পশ্চিমবঙ্গ এখনো গোটা দেশে নানা ঐতিহ্যের ধারক হয়ে আছে। ভারতের বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। রয়েছে ভারতের প্রথম পাতাল রেললাইন এই কলকাতায়। ভারতের একমাত্র ট্রামও চলছে এই ঐতিহ্যবাহী কলকাতা শহরে। রয়েছে কলকাতার ঐতিহ্য হিসেবে হাতেটানা রিকশা। আর এই পশ্চিমবঙ্গেই রয়েছে দার্জিলিংয়ে একমাত্র টয়ট্রেন। পর্যটকদের আকর্ষণের এই ট্রেন। এসব আজ গোটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র ঐতিহ্য। বলা চলে এসবই পশ্চিমবঙ্গের গৌরব।

এবার এই ঐতিহ্যর মুকুটে নয়া পালক যুক্ত হলো মঙ্গলবার সন্ধ্যায় কলকাতারই অদূরে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ভারতের মধ্যে এই প্রথম চালু হলো আকাশপথ বা স্কাই ওয়াক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাই ওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি দক্ষিণেশ্বরের রেলস্টেশন থেকে চলে গেছে দক্ষিণেশ্বরের মন্দিরে। এটি উদ্বোধনের ফলে মন্দিরে ঢোকার পথ সহজ হলো। বাঁচবে সময়ও। তিন বছর আগে এই আকাশপথের নির্মাণকাজ শুরু হয়েছিল।

এই আকাশপথের দৈর্ঘ্য ৩৪০ মিটার। প্রস্থ ১০.৫০ মিটার। এটি নির্মাণে খরচ হয়েছে ৮০ কোটি রুপি। রয়েছে এই পথে ১৪টি চলমান সিঁড়ি। ৪টি লিফট। ২০টি সিসিটিভি। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে ৭টি সিঁড়ি। রয়েছে আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা। থাকছে ফায়ার অ্যালার্ম এবং ওয়াটার স্প্রিঙ্কলারও। এই আকাশপথে মন্দিরের পূজার ফুল ও প্রসাদ বিক্রয়ের জন্য ১৩৭টি দোকান নির্মাণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে চালু হওয়া ভারতের প্রথম আকাশপথের দৈর্ঘ্য ৩৪০ মিটার, প্রস্থ ১০.৫০ মিটার। আকাশপথে ১৪টি চলমান সিঁড়ি আছে। আছে ৪টি লিফট। দক্ষিণেশ্বর, কলকাতা, ৬ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
পশ্চিমবঙ্গে চালু হওয়া ভারতের প্রথম আকাশপথের দৈর্ঘ্য ৩৪০ মিটার, প্রস্থ ১০.৫০ মিটার। আকাশপথে ১৪টি চলমান সিঁড়ি আছে। আছে ৪টি লিফট। দক্ষিণেশ্বর, কলকাতা, ৬ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

আকাশপথ উদ্বোধন করে মমতা বলেছেন, এবার আমাদের লক্ষ্য কালীঘাট, তারাপীঠ ও তারকেশ্বর মন্দিরে প্রবেশের জন্য এভাবে আকাশপথ নির্মাণ।

মমতা আকাশপথের উদ্বোধন শেষে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন। পরে তিনি বিজেপির উদ্দেশে বলেন, গেরুয়া পরলেই সাধু হয় না। বিজেপির গেরুয়া ভুয়া। এমএলএ হবেন, এমপি হবেন, এনজয় করবেন আবার গেরুয়াও পরবেন? এটা হয় না। তাই মমতা বিজেপিকে বলেছেন, ওরা সাম্প্রদায়িক, আমরা ধর্মীয় ভেদাভেদ করি না। ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমি সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী। ধর্ম বিক্রি করি না। বিজেপি নকল গেরুয়া, আসল গেরুয়া সাধুসন্তরা। গেরুয়া মানে ত্যাগ–তিতিক্ষা।