ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিম পরিবারগুলোর মাত্র ১ শতাংশের উপার্জনের প্রধান উৎস বেসরকারি খাতের বেতনভুক্ত চাকরি। গ্রামীণ মুসলিমদের অবস্থা সবচেয়ে খারাপ। তাদের প্রায় ৪০ শতাংশই চরম দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন, রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নকাজ তিনি ৯৯ শতাংশই সেরে ফেলেছেন। তবে ‘পশ্চিমবঙ্গে মুসলিমদের জীবন-বাস্তবতা’ শীর্ষক ওই প্রতিবেদন বলছে, মমতার কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে অমর্ত্য সেনের প্রতীচী ইনস্টিটিউট ও কলকাতাভিত্তিক সংগঠন অ্যাসোসিয়েশন স্ন্যাপ। কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
প্রতিবেদন মোতাবেক, পশ্চিমবঙ্গের মুসলমানরা অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে বেশি বঞ্চিত। কারণ, বেশির ভাগ রাজ্যের তুলনায় আনুপাতিক হারে এখানে সাধারণ জনগোষ্ঠীর তুলনায় মুসলমানদের সংখ্যা বেশি। কর্মক্ষম গ্রামীণ মুসলমানদের প্রায় ৪৭ শতাংশই কৃষি বা অকৃষি খাতের শ্রমিক।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ মুসলমানদের প্রায় ৮০ শতাংশের মাসিক উপার্জন মাত্র পাঁচ হাজার রুপি, যা দারিদ্র্যসীমার কাছাকাছি পর্যায়ের উপার্জন। এ ছাড়া অন্তত ৩৮ দশমিক ৩ শতাংশ গ্রামীণ মুসলমানের উপার্জন আড়াই হাজার রুপিরও কম, যার চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে। মাসিক উপার্জন ১৫ হাজার বা তার বেশি এমন গ্রামীণ মুসলমান আছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনের তথ্য থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতার তৃণমূল কংগ্রেস যেসব জেলায় গত নির্বাচনে ভালো ফল করেছে, সেসব জেলায় মুসলমানদের অবস্থা বেশ ভালো। এর মধ্যে রয়েছে হুগলি ও হাওড়া জেলা। এর বাইরে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও পুরুলিয়ায় মুসলমানরা দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এসব জেলায় নির্বাচনে তুলনামূলক খারাপ ফল করে তৃণমূল।
তবে মুসলিম পরিবারগুলোতে তুলনামূলক দারিদ্র্যের হার সবচেয়ে বেশি নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলায়। কিন্তু জেলা দুটিতে সাধারণ পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার চিত্রের সঙ্গে এই চিত্র যায় না।
মজার ব্যাপার হলো, আগের বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু সংশ্লিষ্ট খাতে যে পরিমাণ বরাদ্দ ছিল, তৃণমূল সরকারের আমলে তা পাঁচ গুণ বেড়েছে। ২০১৬-১৭ মেয়াদের বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ খাতের জন্য আড়াই হাজার কোটি রুপি বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।