
ভারতের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম। এই জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। এ কথা বলেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পশ্চিমবঙ্গে গতকাল সোমবার রাজ্যের মুসলিমদের আর্থসামাজিক অবস্থা নিয়ে তৈরি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর দ্য হিন্দুর।
প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ‘লিভিং রিয়ালিটি অব মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল।’ অনুষ্ঠানে অধ্যাপক সেন বলেন, ‘পশ্চিমবঙ্গের মুসলিমদের দারিদ্র্যের হার যেমন বেশি, তেমনি তারা অনেক বেশি বঞ্চিত। এই প্রতিবেদন সেই বাস্তবতাকে তুলে ধরছে।’
পশ্চিমবঙ্গের ৩২৫টি গ্রাম, শহর অঞ্চলের ৭৫টি ওয়ার্ডে এই জরিপ চলে। অধ্যাপক সেনের প্রতীচি ফাউন্ডেশনের সহযোগিতায় কলকাতাভিত্তিক দুটি সংগঠন অ্যাসোসিয়েশন এসএনএপি এবং গাইডেন্স গিল্ড এ গবেষণা পরিচালনা করে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হারের চেয়ে মুসলিমদের সাক্ষরতার হার ৭ শতাংশ কম। কোনো এলাকায় মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে কমতে শুরু করে স্বাস্থ্যসুবিধা। ৩৬৮ পৃষ্ঠার প্রতিবেদনের প্রতিটি পৃষ্ঠায় মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনের সুবিধার ক্ষেত্রে বঞ্চনার চিত্র উঠে আসে।
পশ্চিমবঙ্গে ২০১১ সাল থেকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার মুসলিমদের উন্নয়নে অনেক কাজ করেছে বলে দাবি করে। প্রতিবেদনে মুসলিমদের বর্তমান বঞ্চনার জন্য ক্ষমতাসীন দলকে কোথাও দায়ী করা হয়নি। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই প্রতিবেদন প্রকাশকে রাজনৈতিক রং চড়ানো হবে বলেই মনে করা হচ্ছে।