পশ্চিমবঙ্গের রাজনীতিক অশোক ঘোষ পরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশোক ঘোষ
অশোক ঘোষ

ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়া ফরোয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক ঘোষ পরলোক গমন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
চির অকৃতদার অশোক ঘোষ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২ ফেব্রুয়ারি ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুরাতে তাঁর জন্ম। অশোক ঘোষ ১৯৫২ সাল থেকে ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক হন। আমৃত্যু তিনি ছিলেন এই দলের রাজ্য সম্পাদক।
অশোক ঘোষ পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর পর দ্বিতীয় রাজনৈতিক নেতা, যিনি ছিলেন সবার শ্রদ্ধাভাজন। অশোক ঘোষ প্রথম কারাবরণ করেছিলেন ভারত ছাড় আন্দোলন করতে গিয়ে। খেটেছিলেন তিন বছরের কারাদণ্ড। তারপরও দুবার তিনি কারাবরণ করেছিলেন।
অশোক ঘোষের শেষকৃত্যানুষ্ঠানের দিনক্ষণ আজ সন্ধ্যা পর্যন্ত জানানো হয়নি। দলের পক্ষ থেকে সেই সময় ঘোষণা করা হবে। আজ তাঁর মরদেহ রাখা হবে কলকাতার পিচ হ্যাভেনে।
অশোক ঘোষের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সিপিএম, কংগ্রেস, তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।