পশ্চিমবঙ্গের সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে দোষী একজন
পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার রাণাঘাটের একটি কনভেন্ট স্কুলে ৭২ বছরের এক সন্ন্যাসিনীকে ধর্ষণ মামলায় একজনকে এবং ডাকাতির মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। কাল বুধবার সাজা ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের অতিরিক্ত বিচারক কুমকুম সিংহ এই ৬ আসামিকে দোষী সাব্যস্ত করেন।
ধর্ষণের অভিযোগে দোষী ব্যক্তি হলেন নজরুল ইসলাম ওরফে নজু। বিচারক জানিয়েছেন, এটি গণধর্ষণের কোনো ঘটনা নয়।
অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি ও অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। গত ৩০ অক্টোবর এই মামলার বিচার শেষ হয়েছে।
নজরুল ছাড়াও অন্য পাঁচ আসামি হলেন মিলন সরকার, ওহিদুর ইসলাম, সালিম শেখ, খালেদুর রহমান ও গোপাল সরকার।
২০১৫ সালের ১৩ মার্চ গভীর রাতে একদল দুর্বৃত্ত রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি স্কুলে ঢুকে ১২ লাখ রুপি লুট করে। এ ছাড়া তারা স্কুলের ৭১ বছর বয়সী সন্ন্যাসিনীকে ধর্ষণ করে। ওই ঘটনায় পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। ঘটনার প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক এবং স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে সড়ক ও রেল স্টেশন অবরোধ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করে তদন্ত ভার সিআইডির হাতে দিয়েছিলেন। একজন অবশ্য এখনো পলাতক বলে আদালতে জানানো হয়েছে।