পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি
বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার রাতে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল সন্ধ্যার পর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে খবর দেওয়া হয় তাঁর পারিবারিক চিকিৎসক ফুয়াদ হালিমকে। ফুয়াদ এসে তাঁর অবস্থা দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেন। এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। তাঁর দেখভালের জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এখন বুদ্ধদেবের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রক্তচাপ কমে যাওয়া এবং অন্যান্য উপসর্গের কারণে রাতেই বুদ্ধদেব ভট্টাচার্যকে রক্ত দেওয়া হয়। শারীরিক নানা পরীক্ষার পর তাঁকে রাখা হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে।

বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থ হওয়ার খবর শুনে হাসপাতালে তাঁকে দেখতে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। বুদ্ধদেব নিজেই মুখের মাস্ক খুলে হাত নেড়ে রাজ্যপালকে স্বাগত জানান।

হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সাবেক মুখ্যমন্ত্রীকে দেখে তিনি বলেছেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো। তাঁকে রক্ত দেওয়া হয়েছে। প্রার্থনা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন।’

এ ছাড়া হাসপাতালে যান সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, দলের পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত। আর উপমুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। তিনি রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। ছিলেন রাজ্যের মন্ত্রীও। তাঁর জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ।