পশ্চিমবঙ্গের ১৮ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার একটি টিকাকেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে
ফাইল ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গে করোনার প্রথম ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ লাখ এখনো দ্বিতীয় ডোজ নেননি। এসব মানুষকে খোঁজ করে তাঁদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে, ঢিলেমি এবং ভয়ের কারণে অনেকেই দ্বিতীয় ডোজ নিতে আসেননি। আবার কেউ কেউ প্রথম ডোজ নেওয়ার পর আবার করোনায় আক্রান্ত হওয়ায় দ্বিতীয় ডোজ নেননি। এ ছাড়া অনেক মৌসুমি শ্রমিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা টিকার প্রথম ডোজ নেওয়ার পর দেশের অন্যত্র নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া দ্বিতীয় ডোজ না নেওয়ার আরেকটি কারণ বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের একটি জেলাভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলায় গত মঙ্গলবার পর্যন্ত ১৮ লাখ ৯ হাজার ৮৮৪ জন মানুষ টিকার দ্বিতীয় ডোজ নেননি। এঁদের মধ্যে কোভ্যাক্সিন নিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৮৭০ জন এবং কোভিশিল্ড নেওয়া মানুষের সংখ্যা ১৩ লাখ ২৯ হাজার ১৪। দ্বিতীয় ডোজ টিকা না নেওয়ার সংখ্যা সবচেয়ে বেশি হুগলি জেলায়, অপরদিকে কম সংখ্যা হলো কালিম্পং জেলায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে সংক্রমিত হয়েছেন ২১০ জন এবং মারা গেছেন ৩ জন। এর মধ্যে কলকাতায় ২ জন আর জলপাইগুড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বাকি ২১ জেলা ছিল মৃত্যুশূন্য।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে ১০ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় মারা গেছেন ৩ হাজার ১০০ জন। রাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৯২৬ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৬১ হাজার ৩২৭ জন। আর এখনো রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৩৩৩ জন। কলকাতায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৪৯ জন।