পশ্চিমবঙ্গের ৪ পৌর করপোরেশনে তৃণমূলের বিপুল বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের পর বিধাননগর পৌর করপোরেশনে তৃণমূল কর্মীদের উল্লাস
ছবি: ভাস্কর মুখার্জি

গেল বছর রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল জয়। এরপর কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের চার পৌর করপোরেশনের নির্বাচনে আবার বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস।

গত শনিবার এই চার পৌর করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। করপোরেশনগুলো হলো আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর (সল্টলেক) ও চন্দননগর। আসানসোলের ১০৬টি, শিলিগুড়ির ৪৭টি, বিধাননগরের ৪১টি ও চন্দননগরের ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ফলাফল ঘোষিত হয়। সর্বশেষ খবর অনুযায়ী আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৮২টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।

শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে।

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।

গত পৌর ভোটে এই চার করপোরেশনের মধ্যে আসানসোলে তৃণমূল ৭৬টি, বামফ্রন্ট ১৭টি, বিজেপি ৮টি, কংগ্রেস ৩টি ও নির্দল ২টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। শিলিগুড়িতে বামফ্রন্ট ২৩, তৃণমূল কংগ্রেস ১৭, কংগ্রেস ৪, বিজেপি ২টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। বিধাননগরে তৃণমূল ৩৭, বামফ্রন্ট ২ ও কংগ্রেস ২টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। আর চন্দননগর করপোরেশনে তৃণমূল কংগ্রেস ২১, বামফ্রন্ট ৮, বিজেপি ১ ও নির্দল ৩টি ওয়ার্ডে জয়ী হয়েছিল।

তৃণমূলের এই বিপুল জয়ের পর তৃণমূলের কর্মী–সমর্থকেরা সবুজ আবির নিয়ে মেতে উঠেছে কলকাতাজুড়ে। সেই সঙ্গে উৎসব চলছে বিভিন্ন পৌর এলাকায়।

এ নির্বাচনে শিলিগুড়ির বামফ্রন্ট প্রার্থী ও রাজ্যের সাবেক বামফ্রন্ট আমলের দাপুটে মন্ত্রী ও শিলিগুড়ি পৌরসভার সাবেক মেয়র অশোক ভট্টাচার্য হেরে গেছেন। বিধাননগর করপোরেশনের সাবেক মেয়র সব্যসাচী দত্ত গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার সেই সব্যসাচী দত্ত আবার তৃণমূলে ফিরে এসে নির্বাচন করে পুনরায় জয়ী হয়েছেন। জয়ী হয়ে দেখা করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসায়। তাই তাঁর আবার তৃণমূলে ফিরে আসার সম্ভাবনা জোরদার হচ্ছে।