পশ্চিমবঙ্গের 'পাহারাদার' মমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রথম আলো
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: প্রথম আলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি দেশের’ চৌকিদার’। তখন এই মন্তব্য নিয়ে বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছিল বিজেপিকে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি এই রাজ্যের পাহারাদার। সত্যি কথার পাহারাদার। একজন আসল পাহারাদার।

গতকাল বুধবার জলপাইগুড়ির গরুমারার কাছে টিয়াবনে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমিই সত্যিকারের পাহারাদার। সততার সঙ্গে এই রাজ্যে সুদিন আনতে হবে। দেশে এখন ঘোর কালোদিন চলছে।’ তিনি আরও বলেন, ‘আমি ভাঙার রাজনীতিতে নয়, জোড়ার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা কাউকে মেরে ভাগাতে বলিনি। বাংলায় এটা হবে না। এখানে আমরা শান্তি বজায় রাখব।’

মমতা বলেন, রাজ্যের ভালোর জন্য তিনি এই রাজ্যের একজন পাহারাদার। তবে মিথ্যে কথার নয়, সত্যি কথার পাহারাদার। আসামে এখন এনআরসির জেরে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ‘এখন আর এখান থেকে কেউ আসামে গিয়ে ব্যবসা করতে সাহস পাচ্ছেন না। তবে আসামের মানুষ যদি এই বাংলায় ব্যবসা করতে আসেন, তবে তাঁরা বাংলায় স্বাগত। বাংলায় আমরা আসামের বিজেপির মতো ব্যবহার করব না।’

জলপাইগুড়ির ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর পাশে আছেন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের জমি নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। বিজেপিকে কড়া বার্তা দিয়ে বলেন, ‘এখানের ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর জমি দখল করতে দেওয়া হবে না বিজেপিকে। তাঁদের জমি দখল করে বিজেপি রাজনৈতিক কর্মসূচি করবে, সেটা আমি হতে দেব না।’

এর আগে গত মঙ্গলবার কোচবিহারে এক অনুষ্ঠানে মমতা বলেন, আসামের জাতীয় নাগরিক নিবন্ধনের বা এনআরসির কোপে পড়ে যেসব বাঙালি আসাম ছাড়তে বাধ্য হবেন, তাঁদের তিনি আশ্রয় দেবেন এই রাজ্যে। আত্মমর্যাদা আর অধিকার রক্ষার লড়াইয়ে নামা ভাইবোনদের ওপর অত্যাচার হলে আর কেউ না এলেও বাংলা পাশে আছে। আসাম থেকে বিজেপি যাঁদের তাড়াবে, তাঁদের আশ্রয় দেবে বাংলা।

মমতা বলেন, ‘গুজরাটে বিহারি খেদাও চলছে। আর বিজেপি–শাসিত আসামে চলছে বাঙালি খেদাও অভিযান। প্রতিটি মানুষেরই আত্মমর্যাদার অধিকার আছে। বাংলা তাঁদের এই অধিকার দেবে। আর কেউ না দিক, বাংলা (পশ্চিমবঙ্গ) তাঁদের আশ্রয় দেবে।’