পাঁচ মাসে তাঁর সম্পদ বেড়েছে ৩১৪ কোটি রুপির!

মাত্র পাঁচ মাসে তাঁর সম্পদ বেড়েছে প্রায় ২৩ গুণ। গত বছরের অক্টোবরে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছিলেন, তাঁর সম্পদ রয়েছে সাড়ে ১৪ কোটি রুপির। আর গত সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাবে জানা গেল, সেই তাঁর-ই সম্পদ এখন ৩৩০ কোটি ৮৪ লাখ রুপির!
এই তিনি হলেন ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে এন লোকেশ। ক্ষমতাসীন তেলেগু দেশম পার্টির সাধারণ সম্পাদকও তিনি।
৩৪ বছর বয়সী লোকেশ নির্বাচন কমিশনের কাছে গত সোমবার তাঁর ব্যক্তিগত সম্পত্তির তথ্য জমা দেন। এর আগে গত বছরের ১৯ অক্টোবরে জমা দেওয়া তাঁর সম্পত্তির তথ্যে উল্লেখ ছিল, তাঁর ব্যক্তিগত সম্পদের মূল্য ১৪ কোটি ৫০ লাখ রুপি। লোকেশ অন্ধ্র প্রদেশের একটি বিধান পরিষদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই দিন মনোনয়নপত্র দাখিল করেন।
আজ শুক্রবার ভারতের বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই নির্বাচনে জয়ী হলে লোকেশ অন্ধ্র প্রদেশের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।
নির্বাচন কমিশনে লোকেশের জমা দেওয়া সম্পদের হিসাবে বলা হয়েছে, তাঁদের পারিবারিক কোম্পানি হেরিটেজ ফুড লিমিটেডের নির্বাহী পরিচালকের পদে নিয়োজিত রয়েছেন তিনি। এখানেই তাঁর রয়েছে ২৭৩ কোটি ৮৪ লাখ রুপির শেয়ার। লোকেশ অ্যাফিডেভিটে তাঁর ১৮ কোটি রুপির স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে এখন তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৮৪ লাখ রুপির।
লোকেশ আরও উল্লেখ করেছেন, তাঁর স্ত্রী ব্রহ্মাণীর রয়েছে ৫ দশমিক ৩৮ কোটি রুপির সম্পদ। আর এক বছরের শিশুপুত্র দেবোংশের নামে রয়েছে ১১ দশমিক ১৭ কোটি রুপির সম্পদ। আর তাঁর স্থায়ী আমানত রয়েছে প্রায় ২ কোটি রুপি।