
পাঁচ মিনিটেই জামিন পেলেন সোনিয়া ও রাহুল গান্ধী। তাঁদের সঙ্গেই জামিন পেলেন ন্যাশনাল হেরাল্ড পত্রিকা-সংক্রান্ত মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিরা। মামলায় গতকাল শনিবার জামিন পাওয়ার পর কংগ্রেস দলের দুই মাথা—সোনিয়া ও রাহুল দুজনেই বলেন—মিথ্যা অভিযোগে এবং ভয় দেখানোর জন্যই করা হয়েছে এই মামলা।
জামিনের বিরোধিতা করে মামলাকারী বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী বলেন, অভিযুক্ত ব্যক্তিরা যেন কেবল আদালতের অনুমতি নিয়েই বিদেশ যাত্রা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রামানিয়ানের এই আবেদন অগ্রাহ্য করেন। প্রত্যেক অভিযুক্তকে ব্যক্তিগত ৫০ হাজার রুপির জামিন দিয়ে বিচারপতি জানান, পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি। অভিযুক্ত ব্যক্তিরা কেউই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেননি।
সুব্রামানিয়ান স্বামী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমিই এই মামলা জিতব। সোনিয়া, রাহুলসহ সব অভিযুক্তকেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি হাতানো এবং জালিয়াতির অভিযোগে জেলে যেতে হবে।’
ন্যাশনাল হেরাল্ড মামলাকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত ও প্রতিহিংসাপরায়ণতা হিসেবে অভিহিত করেছে কংগ্রেস। ফলে, আইনি লড়াইয়ের পাশাপাশি তারা রাজনৈতিক লড়াইও চালিয়ে যাচ্ছে। গতকাল সকাল থেকেই তাই দেখা যায়, দলে দলে নেতা-কর্মী কংগ্রেস সদর দপ্তরে জড়ো হচ্ছেন। রাজ্যে রাজ্যেও কংগ্রেস বিক্ষোভ সমাবেশ করে। তবে কংগ্রেসের নেতা-কর্মীদের স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, আদালতের সামনে জড়ো হয়ে আদালতের বিরুদ্ধে বিক্ষোভ না দেখাতে।
বেলা তিনটার একটু আগে সোনিয়া ও রাহুলের সঙ্গে অন্য তিন অভিযুক্ত কংগ্রেসের কোষাধ্যক্ষ মোতি লাল ভোরা, অস্কার ফার্নান্দেজ ও সুমন দুবে পাতিয়ালা হাউস কোর্টে হাজির হন। ষষ্ঠ অভিযুক্ত শ্যাম পিত্রোদা অসুস্থতাজনিত কারণে হাজিরা দিতে পারেননি।
সোনিয়া-রাহুলের সঙ্গেই আদালতে যান সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধী, গোলাম নবী আজাদ, শীলা দীক্ষিত, অম্বিকা সোনি, এ কে অ্যান্টনি। আদালতের ভেতর ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। সোনিয়ার হয়ে জামিনের বন্ডে স্বাক্ষর করেন এ কে অ্যান্টনি, আর রাহুলের জন্য প্রিয়াঙ্কা।
জামিন পাওয়ার পর কংগ্রেস নেতারা সবাই চলে যান আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে। সেখানে সোনিয়া বলেন, ‘কংগ্রেসের ওপর আক্রমণ বহু বছর ধরেই চলে আসছে। বিরোধীদের বিরুদ্ধে এই সরকার সব সরকারি সংস্থাকে লেলিয়ে দিয়েছে। কিন্তু আমরা ভয় পাই না।’
সোনিয়া নাম না করলেও রাহুল সরাসরি নরেন্দ্র মোদির নাম করে তোপ দাগেন। বলেন, ‘এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। আমি কিংবা আমরা কেউ মাথা নোয়াব না। দেশের জন্য, দেশের দরিদ্রদের জন্য আমি এবং আমাদের দল সব সময় কাজ করে যাবে। কেউ আমাদের আটকাতে পারবে না।’
গতকাল সকাল থেকেই কংগ্রেসের শীর্ষ নেতারা স্পষ্ট বলতে শুরু করেন, বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী হলেন মামলার মুখোশ, মুখ হচ্ছেন মোদি। এ কথাও বলা হয়, সাংসদ না হলেও গত শুক্রবারই স্বামীকে একটি সরকারি বাংলো দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলার জন্যই এই দাক্ষিণ্য।
বিজেপি অবশ্য আগাগোড়াই এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকার দাবি করে আসছে।
বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস নাকভি বলেন, ‘কংগ্রেস এবং দুর্নীতি আজও সমার্থক। ঔদ্ধত্যই ওদের সর্বনাশ ঘটাবে।’