পাঁচ রাজ্যে সহিংসতা, নিহত অন্তত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় আদালত দোষী সাব্যস্ত করার পর গতকাল হরিয়ানার পাঁচকুলায় বহু যানবাহনে আগুন দেন তাঁর সমর্থকেরা l ছবি: এএফপি
ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংকে ধর্ষণ মামলায় আদালত দোষী সাব্যস্ত করার পর গতকাল হরিয়ানার পাঁচকুলায় বহু যানবাহনে আগুন দেন তাঁর সমর্থকেরা l ছবি: এএফপি

ভারতে ধর্ষণ মামলায় বিতর্কিত এক ধর্মগুরুকে আদালত দোষী সাব্যস্ত করার পর পাঁচ রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন শহরে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁর অনুসারীরা। এতে কমপক্ষে ৩২ জন নিহত ও আড়াই শ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি জায়গায় নামানো হয়েছে সেনাবাহিনী, জারি করা হয়েছে কারফিউ।

১৫ বছর আগে দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে গতকাল শুক্রবার স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করেন হরিয়ানা রাজ্যের পাঁচকুলায় সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী সোমবার আদালত তাঁর সাজা ঘোষণা করবেন। আদালতের রায় ঘোষণার পরই হরিয়ানার পুলিশ রাম রহিমকে গ্রেপ্তার করে হেলিকপ্টারে করে রোহতক জেলে নিয়ে যায়।

এনডিটিভি জানায়, রায় শোনার পরই জায়গায় জায়গায় রাম রহিমের অনুসারীরা সহিংস হয়ে ওঠেন। পাঁচকুলায়ই সহিংসতা সবচেয়ে বড় আকারে ছড়িয়ে পড়েছে। এলাকাটি হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ের কাছে। রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২৮ জনই নিহত হন পাঁচকুলায়। হরিয়ানার সিরসায় প্রাণ হারান দুজন। এখানেই রাম রহিমের প্রধান সাংগঠনিক ডেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলেই পাঁচকুলা ও সিরসায় সেনাবাহিনী নামানো হয়। সন্ধ্যায় রাজ্য থেকে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নামানোর অনুরোধ করা হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, পাঁচকুলা জেনারেল হাসপাতালে সহিংসতায় আহত ২০০ লোক ভর্তি হয়েছেন।  আহত ব্যক্তিদের মধ্যে ৫৭ জনের অবস্থা গুরুতর।

পাঞ্জাবের মালৌত ও বালুয়ানা শহরে দুটি রেলস্টেশনে অগ্নিসংযোগ করা হয়। পাঞ্জাব ও হরিয়ানার ওপর দিয়ে যাতায়াতকারী প্রায় ২০০ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া উত্তর প্রদেশের মোজাফফরনগর ও ভাগপতে ১৪৪ ধারা জারি করা হয়।

নয়াদিল্লিতেও একটি বাস ও ট্রেনের দুটি খালি বগিতে অগ্নিসংযোগ করা হয়। আরও কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। রাজধানী নয়াদিল্লিসহ দিল্লির ১১টি জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বলেছেন, আদালতের রায়কে কেন্দ্র করে এভাবে জানমালের ক্ষতি করা খুবই নিন্দনীয় কাজ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, সহিংসতার ঘটনা খুবই দুঃখজনক। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

গুরমিত রাম রহিম সিং
গুরমিত রাম রহিম সিং

এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরে হরিয়ানা, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়সহ দুই রাজ্যের বিভিন্ন এলাকা উত্তেজনায় থমথম করছিল। জাতীয় সড়কের দুই ধারে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানো হয়। জারি করা হয় ১৪৪ ধারা।

এরপরও পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে লোকজন। পাঁচকুলার বাসিন্দা সন্দীপ সিং বলেন, ‘আমি বুঝছি না সরকার ও পুলিশ কী করছে।’

রাজস্থানের গঙ্গানগর জেলার এক গ্রামে ৫০ বছর আগে জন্ম নেওয়া যে বালককে পড়শিরা ‘মিতা’ নামে চিনতেন, পরবর্তীকালে তিনিই নাম পরিবর্তন করে হয়ে ওঠেন ‘রাম রহিম ইনসান’। হরিয়ানার সিরসা শহরের ডেরা সচ সওদা নামের এক ধর্মীয় গোষ্ঠীর প্রধান হয়ে ওঠেন তিনি। সাদা কুর্তা ছেড়ে শুরু করেন উজ্জ্বল ঝলমলে পোশাক পরা। একাধারে সন্ত, দার্শনিক, ধর্মপ্রচারক, সংগীতশিল্পী, অভিনেতা, লেখক, বাস্তুকার—এককথায় বহু গুণের প্রকাশ ঘটান তিনি। এমএসজি বা মেসেঞ্জার অব গড নামের এক সিনেমায় অভিনয়ও করেন তিনি।

রাম রহিমের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে ২০০২ সালে। তিনি যৌন নিপীড়ন করেছেন অভিযোগ করে তাঁরই শিষ্যরা বেনামে চিঠি লেখেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘ ১৫ বছর পর সেই অভিযোগেই দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু।