পাঁচ 'আইএস জঙ্গি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) পাঁচ সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় পুলিশের সহায়তায় হায়দরাবাদের বিভিন্ন স্থানে গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দেশটির বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন সন্ত্রাস দমন সংস্থাটির দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, হায়দরাবাদের ১১টি জায়গায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, বিস্ফোরক পদার্থ এবং অর্থও উদ্ধার করা হয়। এসব অভিযানে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে পাঁচজনকে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বাকি নয়জন গতকাল পর্যন্ত আটক ছিলেন। রয়টার্স