মোদির 'সফল' জাপান সফর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সফল’ জাপান সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশ প্রতিরক্ষা ও অন্যান্য কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষাবিষয়ক বিনিময়, পরিচ্ছন্ন জ্বালানি খাত, সড়ক ও মহাসড়ক, স্বাস্থ্যসেবা এবং নারীবিষয়ক ক্ষেত্রগুলোয় সহযোগিতা নিয়ে মোট পাঁচটি চুক্তি সই হয়েছে। খবর পিটিআই ও ইন্ডিয়া টুডের।
গত ২৬ মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতীয় উপমহাদেশের বাইরে এটাই ছিল মোদির প্রথম সফর। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে সম্ভাব্য সব চেষ্টা করেছেন।
চলমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা এসেছে উভপক্ষ থেকেই। টোকিওতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘এই সফর অত্যন্ত সফল হয়েছে।’
জাপান আগামী পাঁচ বছরে ভারতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ৩৫ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা হিন্দুস্তান অ্যারোনোটিকস লিমিটেড।
জাপানের দেওয়া অর্থে মোদির নির্বাচনী আসন বারানসিসহ বেশ কিছু এলাকায় ‘স্মার্ট শহর’ গড়ে তোলা এবং মারাত্মক দূষণের শিকার গঙ্গা নদী পরিষ্কার করা হবে। ভারতে দ্রুতগতির ‘বুলেট ট্রেন’ প্রকল্প চালু করতে আর্থিক, কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দেবে জাপান। বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনাও আরও নিবিড় করার সিদ্ধান্ত হয়েছে।